সময় কলকাতা ডেস্ক, ১৫ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে যে দল জিতবে তারাই এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলবে ঠিক ছিল। আর কার্যত অলিখিত সেমিফাইনাল ম্যাচে, তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল শ্রীলঙ্কা। জয় পরাজয়ের নিষ্পত্তি হল শেষ বলে।
বৃষ্টির জন্য এদিনের ম্যাচ ৪২ ওভারে কমিয়ে আনা হয়।এদিন পাকিস্তান দলে হ্যারিস রাউফ ও নাসিম শাহ না থাকায় পাকিস্তান বোলিং বিভাগ কার্যত দুর্বল ছিল। ফলে পাকিস্তান দল জয়ের জন্য মূলত ব্যাটারদের ওপরে ভরসা করলেও দুএকজন ছাড়া সবাই ব্যাট হাতে ব্যর্থ হন।শুরুতে রানরেট খারাপ থাকলেও মূলত রিজওয়ানের করা অপরাজিত ৮৬ রানের অপরাজিত ইনিংসের ওপরে নির্ভর করে আড়াইশো রানের গন্ডি টপকে যায় পাকিস্তান। উল্লেখযোগ্য ৪৭ রান করেন ইফতিকার। পাকিস্তানের ২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে কুশল মেন্ডিসের ৯১ রানের ইনিংসের সৌজন্যে দুর্দান্ত শুরু করেও শেষ দিকে ইফতিকার ও শাহিন শাহ আফ্রিদির কার্যকরী বোলিং-এর সুবাদে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। জামানের শেষ ওভারের শেষ বলে লেগের দিকে ফ্লিক করে জয় এনে দেন আশালঙ্কা। রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
এদিন শেষ বলে হার মেনে প্রতিযোগিতা থেকে পাকিস্তানের ছিটকে যাওয়ার অন্যতম কারণ ছিল তাদের ফিল্ডিং। মোক্ষম সময়ে ক্যাচ না ধরতে পারা এবং রান আউট করতে পারায় ব্যর্থতা পাকিস্তানকে ভুগিয়েছে। আশালঙ্কা ৪৯ রানে অপরাজিত থেকে ম্যাচের নায়ক হয়ে উঠলেও ১০ রানে ইফতিকারের বলে তাঁর ক্যাচ ফস্কান রিজওয়ান যা খুব বড় ফ্যাক্টর হয়ে দেখা দেয়। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন আশালঙ্কা।
২০১৮ সালের একদিবসীয় এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত আর ২০২২ সালের টি টোয়েন্টি এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মধ্যে রবিবাসরীয় ফাইনাল ম্যাচের আগে শুক্রবার সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ।
আরও পড়ুন বিশ্বকাপের আগে স্টোকস ঝড়ে বেসামাল নিউজিল্যান্ড


More Stories
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত