স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ সেপ্টেম্বর: চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় দিনে জয় পেল রিয়েল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, আর্সেনালের মত বড় ক্লাবগুলি। চ্যাম্পিয়ন্স লিগের মরশুমের প্রথম ম্যাচে হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। একনজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স লিগের আপডেট।

রিয়েল মাদ্রিদের পরিত্রাতা সেই জুড বেলিংহাম। এই মরশুমে রেকর্ড অর্থে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রেকর্ড অর্থের বিনিময়ে তাঁকে দলে নিয়েছে রিয়েল। রিয়েলের ভরসার পূর্ণ মর্যাদা দিচ্ছেন ইংল্যান্ডের এই তরুণ ফুটবলার। বুধবার ভারতীয় সময় মধ্যরাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে তাঁর করা একমাত্র গোলে কষ্টার্জিত জয় পেল রিয়েল মাদ্রিদ। ঘরের মাঠে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনের মুখোমুখি হয় রিয়েল। ম্যাচে একচ্ছত্র দাপট নিয়ে খেলে কার্লো অ্যান্সেলোত্তির ছেলেরা। ৭৬ শতাংশ বল ছিল লস ব্ল্যাঙ্কোদের দখলে। মোট ৩২ টি শট নিয়েও গোলের খাতা খুলতে পারছিলেন না জসেলু, রড্রিগোরা। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের চার মিনিট পর্যন্ত রিয়েলকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়। রিয়েল মাদ্রিদের হয়ে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে সংযুক্তি সময়ে গোল করলেন বেলিংহাম। এই জয়ের ফলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল রিয়েল মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগের এ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারাল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ২৮ মিনিটে ইউনাইটেড গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় বায়ার্ন। লেরয় সানের নির্বিষ শট ওনানার পায়ের তলা থেকে জড়িয়ে যায় জালে। প্রথম গোলের চার মিনিটের মধ্যে গ্যাব্রির গোলে ব্যবধান বাড়ায় বায়ার্ন। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যান বায়ার্ন ফুটবলাররা। দ্বিয়ার্ধের শুরু থেকে গোলশোধের মরিয়া চেষ্টা করতে থাকে ইউনাইটেড। ৪৯ মিনিটে একটি গোলের ব্যবধান কমান ইউনাইটেডের ডেন স্ট্রাইকার হুইল্যান্ড। যদিও ইউনাইটেড ফুটবলারদের উচ্ছাস দীর্ঘস্থায়ী হয়নি। ম্যাচের ৫৩ মিনিটে নিজের বক্সে হ্যান্ডবল করে বায়ার্নকে পেনাল্টি উপহার দেন এরিকসেন। পেনাল্টি থেকে বায়ার্নের হয়ে ব্যবধান ৩-১ করেন হ্যারি কেন। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে আরও একটি গোলের ব্যবধান কমায় ইউনাইটেড। গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। সংযুক্তি সময়ে ফের ব্যবধান বাড়ায় বায়ার্ন। গোল করেন পরিবর্ত হিসেবে নামা ম্যাথিস টেল। সংযুক্তি সময়ে আবার ব্যবধান কম করেন ক্যাসেমিরো। তবে ম্যাচে সমতা ফেরাতে পারেনি ইউনাইটেড।

আরও পড়ুন: এশিয়াডের পদক থেকে একধাপ দূরে স্মৃতি মান্ধানারা
চ্যাম্পিয়ন লিগে এদিন নিজেদের গ্রুপের খেলায় জয় পেয়েছে নাপোলি, আর্সেনালও। ২-১ গোলে পর্তুগালের ক্লাব স্পোর্টিং ক্লাব ব্রাগাকে হারিয়েছে নাপোলি। নাপোলির হয়ে ডি লোরেঞ্জো একটি ও একটি আত্মঘাতী গোল হয়। ঘরের মাঠে বড় ব্যবধানে জয় পেয়েছে আর্সেনাল। ৪-০ গোলের ব্যবধানে ডাচ ক্লাব পিএসভিকে হারিয়েছে মিকেল আর্তেতার ছেলেরা। আর্সেনালের হয়ে গোল চারটি করেন বুকায়ো সাকা, লিও ট্রসা, গ্যাব্রিয়েল জেসাস ও মার্টিন ওদেগার্ড। অন্যদিকে রিয়েল সোসাইদাদের বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ ড্র করেছে ইতালির ক্লাব ইন্টার। স্পেনের ক্লাব সেভিয়া ও ফ্রান্সের লেন্সের ম্যাচও শেষ হয়েছে ১-১ গোলে। আরবি স্যালসবার্গের বিরুদ্ধে ০-২ গোলে হেরেছে অ্যাঞ্জেল দি মারিয়ার বেনফিকা।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক