স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ সেপ্টেম্বর: এশিয়াডে প্রথম জয়ের মুখ দেখল ভারতের পুরুষ ফুটবল দল। বৃহস্পতিবার চিনের হাংজুর জিয়াও শান স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেলেন সুনীলরা। ম্যাচের ৮৫ মিনিটে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।

অনেক আশা আশঙ্কা নিয়ে চলতি এশিয়াডে অংশ নিয়েছে ভারত। প্রথম ম্যাচে অনুশীলন ছাড়া চিনের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হয় ইগর স্টিমাচের দল। দ্বিতীয়ার্ধে তাই বাড়তি সতর্কতা নিয়ে মাঠে নামে ভারতীয় দল। প্রথম ম্যাচের দলে মোট তিনটি পরিবর্তন করেন ভারতের কোচ। গোলরক্ষক গুরমিতের জায়গায় সুযোগ পান ধীরাজ সিং। রহিম আলি ও সুমিত রাঠির জায়গায় প্রথম একদশে সুযোগ পান রোহিত দানু ও চিঙ্গেলসানা সিং।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে জয় রিয়েল-বায়ার্ন-আর্সেনালের, হেরে গেল ইউনাইটেড

ম্যাচের শুরু থেকে চিনের মাঠে নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকেন ভারতীয় ফুটবলাররা। ভারতের হয়ে বাঁ প্রান্ত থেকে ক্রমাগত বাংলাদেশ শিবিরের উপর চাপ বাড়াতে থাকেন ব্রাইস মিরান্ডা। ম্যাচের মধ্যে একাধিকবার প্রান্ত বদল করে আক্রমণ করতেও দেখা যায় গোয়ার ফুটবলারটিকে। প্রথমার্ধে দুই দল বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে গিয়েছিল তবে গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও বাড়াতে থাকে ভারত। ৪৭ মিনিটের মাথায় সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন চিন ম্যাচের গোলদাতা রাহুল কেপি। দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন করেন কোচ স্টিমাচ। তবে লাভের লাভ কিছু হয়নি। ম্যাচের ৭৭ মিনিটে ভারতীয় দলের অবধারিত পতন রোধ করেন গোলরক্ষক ধীরাজ সিং। ম্যাচের ৮৩ মিনিটে ব্রাইস মিরান্ডাকে বক্সের মধ্যে ফাউল করেন বাংলাদেশ অধিনায়ক। পেনাল্টি পায় ভারত। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এই ম্যাচ হারলে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হত সুনীলদের। মুখরক্ষার ম্যাচে চুলচেড়া ব্যবধানে জিতে এশিয়াডে পদকের আশা জিইয়ে রাখল ভারতের পুরুষ ফুটবল দল।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার