স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ সেপ্টেম্বর: দুরন্ত প্রত্যাবর্তন লিভারপুলের। জয় দিয়ে ইউরোপা লিগে অভিযান শুরু করল স্কাউসার্সরা। খেলার ফল লিভারপুলের পক্ষে ৩-১। উয়েফার ক্লাব স্তরের এটিই দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট। দীর্ঘ ৭ বছর পর উয়েফা ইউরোপা লিগ খেলছে লিভারপুল। ২০১৬ সালে শেষবার এই প্রতিযোগিতায় খেলেছিল ইংল্যান্ডের হেভিওয়েট ক্লাবটি। ফাইনালে হারতে হয়েছিল স্পেনের সেভিয়ার কাছে। তারপর এই প্রথমবার এই প্রতিযোগিতায় খেলছে ‘দ্যা রেডস শিবির’।

বৃহস্পতিবার ভারতীয় সময় মধ্যরাতে অস্ট্রিয়ার রাইফিসিন অ্যারেনাতে নামে ক্লপ-বাহিনী। প্রতিপক্ষ অস্ট্রিয়ার ক্লাব লাস্ক। গত ম্যাচের তুলনায় এই ম্যাচে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেন লিভারপুলের জার্মান কোচ। যদিও খেলা শুরু হওয়ার প্রথমার্ধেই ধাক্কা খায় ইংল্যান্ডের ক্লাবটি। ম্যাচের ১৪ মিনিটের মাথায় গোল হজম করতে হয় লিভারপুলকে। ফ্লোরিয়ান ফ্লেকারের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়ান ক্লাব লাস্ক। প্রথমার্ধে গোল শোধের বেশ কয়েকটি সুযোগ পেলেও, কাজে লাগাতে পারেনি লাল জার্সিবাহিনী। ০-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।
আরও পড়ুন বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের, দলে নেই অন্যতম সেরা বোলার

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের মরিয়া চেষ্টা করতে থাকে ক্লপ শিবির। ম্যাচের ৫৬ মিনিটে লুই দিয়াজকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল শোধ করেন স্ট্রাইকার ডারউইন নুনেজ। ৬৩ মিনিটে ম্যাচে প্রথমবারের জন্য এগিয়ে যায় ইউরেগন ক্লপের ছেলেরা। ইংল্যান্ডের ক্লাবটিকে এগিয়ে দিয়েছিলেন লুই দিয়াস। গোলের বলটি বাড়িয়েছিলেন রায়ান গ্রাভেনবার্ক। ৭৪ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামেন সালাহ। তিনি মাঠে নামায় আক্রমণে ঝাঁঝ বাড়ে লিভারপুলের।

নির্ধারিত সময় শেষ হওয়ার দু মিনিট আগে লাস্কের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সেই মহম্মদ সালাহ। গোটা ম্যাচে অস্ট্রেলিয়ার ক্লাবের তুলনায় লিভারপুলের প্রাধান্যই ছিল বেশি। মোট ৬৮ শতাংশ বল ছিল দিয়াজ নুনেজ এলিয়টদের দখলে। এই জয়ের ফলে ৫০ টি ইউরোপীয় ম্যাচ জেতার রেকর্ড এদিন স্পর্শ করলেন জার্মান কোচ ইউরেগন ক্লপ। লিভারপুলের ইতিহাসে এই রেকর্ড আর কোন কোচের নেই। এতদিন পর্যন্ত ৪৯ টি ম্যাচ জিতে রাফা বেনিতেজের সঙ্গে একই আসনে ছিলেন ক্লপ। গতকালের ম্যাচ জিতে বেনিতেজকে ছাপিয়ে গেলেন তিনি।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে