Home » ত্রিশূল ফ্লাডলাইট, বেলপাতা গেট, ডমরু ভিআইপি বক্স, শনিতে নয়া ক্রিকেট স্টেডিয়ামের মেগা শিলান্যাস

ত্রিশূল ফ্লাডলাইট, বেলপাতা গেট, ডমরু ভিআইপি বক্স, শনিতে নয়া ক্রিকেট স্টেডিয়ামের মেগা শিলান্যাস

সময় কলকাতা ডেস্ক, ২২ সেপ্টেম্বর: দেশে তৈরি হচ্ছে আরও একটি বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম। তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গড়ে উঠছে উত্তর প্রদেশে। স্টেডিয়ামটি তৈরি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী ক্ষেত্র বারাণসীতে। শনিবার নতুন স্টেডিয়ামের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

চলতি বছরের শেষে ভারতেই বসতে চলেছে আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। বিশ্বকাপের আগেই ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে একটি সুখবর। নতুন একটি বিশ্বমানের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসীতে। যেটি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা ক্ষেত্র। জানা গিয়েছে, প্রায় ১২১ কোটি টাকা খরচ করে স্টেডিয়ামের জন্য জমি অধিগ্রহণ করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। নতুন স্টেডিয়াম তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৩৩০ কোটি টাকা। মোট ৪৫১ কোটি টাকা খরচ করে গড়ে উঠছে বারানসির আকর্ষণীয় এই ক্রিকেট স্টেডিয়াম।

আরও পড়ুন: বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের, দলে নেই অন্যতম সেরা বোলার

শনিবার এই স্টেডিয়ামের শিলান্যাস করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর- সহ অন্যান্য উচ্চ পদস্থ মন্ত্রীরা। শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও উপস্থিত থাকবেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় সাহা -সহ অন্যান্যরা। সূত্রের খবর এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন শচীন তেন্ডুলকর, সুনীল গাভাস্কার, দিলীপ বেঙ্গসরকার, রবি শাস্ত্রীর মত প্রাক্তন দিকপাল ক্রিকেটাররা।

আরও পড়ুন: জোড়া ভুলে জোড়া গোল, বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল অভিযান শুরু কেরালার

এই স্টেডিয়ামটি নির্মাণেও থাকছে বিশেষ পরিকল্পনা। স্টেডিয়ামের প্রবেশ পথটি হবে বেলপাতার আকারের। গ্যালারিটি হবে এক ফালি চাঁদের মতো। দর্শক আসন গুলি হবে গঙ্গার ঘাটের আদলে। যা মহাদেবের জটার পাশে শোভা বর্ধন করে। ভিআইপি গ্যালারিটি হচ্ছে ডুগডুগির মতো। ফ্লাড লাইট গুলি দেখতে হবে মহাদেবের অস্ত্র ত্রিশূলের আকারের। কাশি হল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। সে কথা মাথায় রেখে স্টেডিয়ামের থিমটি করা হচ্ছে। তবে স্টেডিয়ামের কাজ শেষ হতে এখনো সময় লাগবে প্রায় ৩০ মাস। ফলে আসন্ন বিশ্বকাপের একটিও ম্যাচ এই স্টেডিয়ামে খেলা যাবে না।

About Post Author