স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ সেপ্টেম্বর: আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান। শুক্রবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হল। দল ঘোষণা করলেন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। চোটের কারণে দলে জায়গা পেলেন না অভিজ্ঞ পেস বোলার। এশিয়া কাপে অনেকগুলি বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। প্রথমত, ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে হেরে সুপার ফোর থেকে বিদায় নিতে হয়েছে পাক দলকে। দ্বিতীয়ত, টুর্নামেন্ট চলাকালীন চোট পেয়েছিলেন দলের তিন নির্ভরযোগ্য পেসার শাহীন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ ও নাসিম খান। প্রথম দুজনের চোট গুরুতর নয়। তবে তৃতীয় জনের চোট এতটাই গুরুত্বপূর্ণ যে আগামী বিশ্বকাপে তাঁকে ছাড়াই নামতে হচ্ছে পাকিস্তানকে।
https://x.com/TheRealPCB/status/1705111673596751992?s=20
মুখ্য নির্বাচক ইনজামাম জানিয়েছেন, “নাসিমের সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তাই নাসিমকে বিশ্বকাপের দলে রাখা হয়নি। কারণ, কোনও ক্রিকেটার সম্পূর্ণ সুস্থ না হলে তাঁকে দলে রাখা যায় না।” বিশ্বকাপে প্রত্যাশা মত দলকে নেতৃত্ব দেবেন বাবার আজম। এশিয়া কাপের পর তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। ম্যাচ শেষে ড্রেসিং রুমে দলের সিনিয়র বোলারের সঙ্গে ঝামেলায় জড়ানোর খবর সামনে আসে। স্বভাবতই অস্বস্তিতে পড়তে হয় বাবরকে। তবে বিশ্বকাপের দলকে নেতৃত্ব দেবেন তিনিই। সহ- অধিনায়ক হিসেবে থাকছেন শাদাব খান।

অধিনায়ক বাবর ছাড়া দলে ব্যাটার হিসেবে থাকছেন ইমাম উল হক, ফখর জমন, আঘা সলমন, আবদুল্লা শফিক, ইফতিখর আহমেদরা। উইকেট রক্ষক হিসেবে খেলবেন মহম্মদ রিজওয়ান। যে দলটি ঘোষণা হয়েছে তাতে তিনি ছাড়া বিকল্প কোনও উইকেটরক্ষককে রাখা হয়নি। ভারতের পিচ স্পিন সহায়ক। সেই কথা মাথায় রেখে দলে রয়েছে ৩ স্পিনার। শাদাব, মহম্মদ নওয়াজ এবং উসামা মির। পাকিস্তানের বর্তমান দলটির প্রধান অস্ত্র তাদের পেস বোলিং। টিচারদের মধ্যে দলে রয়েছেন হ্যারিস রাউফ, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলি ও মহম্মদ ওয়াসিম জুনিয়র।
আরও পড়ুন জোড়া ভুলে জোড়া গোল, বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল অভিযান শুরু কেরালার
বহুদিন পর দলে প্রত্যাবর্তন করেছেন পেসার হাসান আলি। বিপক্ষের মিডল অর্ডারকে বেকায়দায় ফেলতে হাসানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে পাক শিবির। মুখ্য নির্বাচক ইনজামাম জানিয়েছেন, এমন পেসারদের দলে নেওয়া হয়েছে যাঁরা উইকেট নিতে পারদর্শী। মাঝের ওভারগুলিতে যাঁরা উইকেট নিতে পারবেন। ভারতের মাটিতে বিশ্বকাপ জেতার জন্য যে পেস বোলারদের ভূমিকা নিতে হবে তাও স্পষ্ট করে দেন ইনজামাম। রিজার্ভ দলে রাখা হয়েছে তিন ক্রিকেটারকে। তাঁরা হলেন মহম্মদ হ্যারিস, আবরার আহমেদ ও জামান খান।

একনজরে দেখে নেওয়া যাক পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জমন, ইমাম উল হক, আবদুল্লা শফিক, আঘা সলমন, ইফতিখর আহমেদ, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, মহম্মদ নওয়াজ, উসামা মির, হ্যারিস রউফ, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র।
রিজার্ভ দল: মহম্মদ হ্যারিস, আবরার আহমেদ এবং জমন খান।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার