Home » ডায়মন্ড হারবারকে হারিয়ে কলকাতা লিগ জয়ের আরও কাছে মহামেডান

ডায়মন্ড হারবারকে হারিয়ে কলকাতা লিগ জয়ের আরও কাছে মহামেডান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ সেপ্টেম্বর: কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিকের পথে মহামেডান স্পোর্টিং। মঙ্গলবার ডায়মন্ড হারবার এফসিকে হারাল সাদা কালো ব্রিগেড। খেলার ফল মহামেডানের পক্ষে ২-০। মহামেডানের হয়ে গোল দুটি করেন আঙ্গুসানা ও ডেভিড।

ডায়মন্ড হারবারকে হারিয়ে মধুর প্রতিশোধ মহামেডান স্পোর্টিংয়ের। কলকাতা প্রিমিয়ার লিগের গ্রুপ পর্বের খেলায় ডায়মন্ড হারবারের বিরুদ্ধে হারতে হয়েছিল মহামেডানকে। চেরনিশভ দায়িত্ব নেওয়ার পর বদলে যায় চিত্রটা। কলকাতা লিগের সুপার সিক্সের লড়াইয়ে এবার সেই ম্যাচের বদলা নিল সাদা-কালো ব্রিগেড। মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে সাদা কালো ব্রিগেড মুখোমুখি হয় কিবু ভিকুনার ডায়মন্ড হারবারের। গোটা ম্যাচে মহামেডানের ফুটবলারদের দাপট ছিল বেশি। আক্রমণ তৈরির ক্ষেত্রেও ডায়মন্ড হারবারকে টেক্কা দেয় কলকাতার অন্যতম প্রধান ক্লাব। ম্যাচের ২৫ মিনিটে গোল করে এগিয়ে যেতে পারত মহামেডান। বিকাশের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের সংযুক্তি সময়ে গোল ফাঁকা পেয়েও জালে বল জড়াতে পারেনি তন্ময়। প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনও দল।

আরও পড়ুন: জোড়া হ্যাটট্রিক, খিদিরপুরের বিরুদ্ধে দশ গোল ইস্টবেঙ্গলের

দ্বিতীয়ার্ধে গোল করার মরিয়া চেষ্টা চালাতে থাকে চেরনিশভ ব্রিগেড। ৪৮ মিনিটে বক্সের মধ্যে দীপু হালদারকে ফাউল করেন সৌরভ দাস। যদিও মহামেডানের পেনাল্টির আবেদনে কর্ণপাত করেননি রেফারি। খেলার প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৬৩ মিনিট। স্যামুয়েলের ইনসুইং সেন্টার থেকে ডায়মন্ড হারবারের জালে বল জড়ান আঙ্গুসানা। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে মহামেডানের হয়ে ব্যবধান বাড়ান মহামেডানের ডেভিড। পেনাল্টি থেকে গোল করে দলের হয় নিশ্চিত করেন তিনি।

এই গোলটি নিয়ে এই মরশুমে ১৬ টি ম্যাচে ২০ তম গোলটি হয়ে গেল মণিপুরের গোলমেশিনের। এই খেলায় আরও গোলের সুযোগ পেয়েছিল চেরনিশভের ছেলেরা। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি। গোলের সুযোগ তৈরি করেছিল কিবু ভিকুনার ছেলেরাও। তবে মহামেডান তিন কাঠির তলায় অনবদ্য খেলেন গোলরক্ষক পদম ছেত্রী। এই জয়ের ফলে টানা তৃতীয় বার কলকাতা লিগ জয়ের আরও কাছে পৌঁছে গেল মহামেডান।

About Post Author