Home » জোড়া হ্যাটট্রিক, খিদিরপুরের বিরুদ্ধে দশ গোল ইস্টবেঙ্গলের

জোড়া হ্যাটট্রিক, খিদিরপুরের বিরুদ্ধে দশ গোল ইস্টবেঙ্গলের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ সেপ্টেম্বর: কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্সে বড় জয় ইস্টবেঙ্গলের। ঘরের মাঠে খিদিরপুরকে ১০-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে এদিন জোড়া হ্যাটট্রিক হয়। হ্যাটট্রিক-সহ চারটি গোল করেন বিষ্ণু। এই খেলায় দ্বিতীয় হ্যাটট্রিকটি করেন মহীতোষ। এছাড়াও ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন সুহের। একটি গোল করেন জেসিন। সব মিলিয়ে বড় ব্যবধানে জিতে কলকাতা লিগে নিজেদের জায়গা আরও পাকা করল বিনো জর্জের ছেলেরা।

এবার কি কাটতে চলেছে ইস্টবেঙ্গলের ট্রফি খরা? মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে খিদিরপুরকে বড় ব্যবধানে হারাল লাল হলুদ। কিছুটা ফর্মেশন বদলে এদিন দল নামান ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। আর ফর্মেশন বদল করে ফলও মিলল। প্রথমার্ধের শুরু থেকে খিদিরপুরের রক্ষণে চাপ বাড়ায় ইস্টবেঙ্গলের ছেলেরা। মাত্র ৬ মিনিটে ফ্রিকিক থেকে দুরন্ত গোলে লাল হলুদকে এগিয়ে দেন বিষ্ণু। খিদিরপুর গোলরক্ষকের হাতে লেগে বল জড়িয়ে যায় জালে। প্রথম গোলের চার মিনিট পর ব্যবধান বাড়ায় লাল হলুদ ব্রিগেড। খিদিরপুর রক্ষণের ভুলে ফের গোল করেন বিষ্ণু।

আরও পড়ুন: অজস্র সুযোগ নষ্টের খেসারত, ড্র করে আইএসএল অভিযান শুরু করল ইস্টবেঙ্গল

খেলার ২২ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন গুইতে। ৩০ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামে তীর্থঙ্কর। খেলায় কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পায় খিদিরপুর। খেলার ৩৮ মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করেন বিষ্ণু। প্রথমার্ধের শেষের চার মিনিট লেখা থাকল মহীতোষের নামে। ৪১ মিনিট, ৪৫ মিনিট ও সংযুক্তির ৪৭ মিনিটে হ্যাটট্রিক করলেন মহীতোষ। কলকাতা প্রিমিয়ার লিগে এত কম সময়ের ব্যবধানে হ্যাটট্রিকের নজির খুব কম। প্রথমার্ধের সংযুক্তি সময়ে ফ্রি কিক থেকে অসাধারণ গোল করেন মহীতোষ। ৪৩ মিনিটে ইস্টবেঙ্গল গোলরক্ষকের ভুলে একটি গোল শোধ করে খিদিরপুর। গোল করেন প্রদীপ। ৬-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান ইস্টবেঙ্গল ফুটবলাররা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইস্টবেঙ্গল। ৫১ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান ৭-১ করেন বিষ্ণু। এই খেলায় এটি বিষ্ণুর চতুর্থ গোল। ৫৪ মিনিটে ব্যবধান ৮-১ করেন জেসিন টিকে। ৫৬ মিনিটে ফের খিদিরপুরের জালে বল জড়াল ইস্টবেঙ্গল। এবার গোলদাতা সুহের। ৮০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে দশম গোলটিও আসে সুহেরের পা থেকে। গত ম্যাচে মহামেডানের কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। এই ম্যাচে বড় ব্যবধানে জিতে গোল পার্থক্য নিজেদের জমি আরও মজবুত করল লাল হলুদ ব্রিগেড।

About Post Author