Home » দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক, ২৭ সেপ্টেম্বর: হাওয়া বদল দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ।দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। তীব্র গরমে কার্যত প্রাণ ওষ্ঠাগত রাজ্যবাসীর। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হওয়া নিম্নচাপ ওড়িশার দিকে সরে গিয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জানা গিয়েছে, ২৯ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তা শক্তি বৃদ্ধি করতে পারে উত্তর বঙ্গোপসাগরে।

আরও পড়ুন    স্বামীর ভাড়া করা সুপারি কিলারদের হাতে গণধর্ষিতা ও খুন হওয়া মহিলার দেহ নদী থেকে উদ্ধার

শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রাও। কলকাতা ও তার আশেপাশের এলাকায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার পরিবর্তন হবেনা। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৪ থেকে ৯২ শতাংশ।

পূর্বাভাস বলছে,আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদহ, দুই দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এদিকে, উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author