সময় কলকাতা ডেস্ক, ২৯ সেপ্টেম্বর: ফের পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ। শুক্রবার সকালে বালুচিস্তানের এক মসজিদের কাছে এই আত্মঘাতী বোমা হামলা হয়। বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত এক পাক পুলিশ কর্তা-সহ অন্তত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিকে, এই বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণস্থলের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেই ছবি ও ভিডিয়োতে বেশ কয়েকটি রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে।

ইতিমধ্যেই বালুচিস্তান প্রদেশের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়েছে। যদিও বালুচিস্তানের এই ভয়াবহ হামলার দায় এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন স্বীকার করেনি। পাকিস্তানের এই প্রদেশে প্রায়ই হামলা চালায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি জঙ্গিরা। ইতিমধ্যেই বিবৃতি দিয়ে এদিনের হামলার কথা অস্বীকার করেছে তারা।সূত্র মারফত জানা গিয়েছে, বালুচিস্তানের মাস্তুং জেলার আল-ফালাহ মসজিদের কাছে শুক্রবার সকালে ইদ-ই-মিলাদুন নবির মিছিল উপলক্ষে বহু মানুষের জমায়েত হয়েছিল। সেসময় আচমকা ওই আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। বিস্ফোরণে পাক পুলিশ বিভাগের এক ডেপুটি সুপার পদমর্যাদার কর্তাসহ ৫৩ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন ‘এইট হানড্রেডের’ প্রচারে শহরে এক মঞ্চে মুরলী- সৌরভ, একসময়ের প্রতিদ্বন্দ্বীকে প্রশংসায় ভরালেন দুজনে

এ প্রসঙ্গে বালুচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকজাই জানিয়েছেন, ‘ বিস্ফোরণস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। হতাহতদের সকলকেই নিকটবর্তী হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হচ্ছে। গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।’ উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে লাগাতার নাশকতা চালিয়ে যাচ্ছে তেহরিক-ই-তালিবান। পাক প্রশাসনের অভিযোগ, টিটিপি জঙ্গিদের মদত দিচ্ছে তালিবান। পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানে আশ্রয় নিচ্ছে এই জঙ্গিরা। যদিও ইসলামাবাদের এই অভিযোগ মানতে নারাজ আফগানিস্তানের তালিবান সরকার। তালিবান মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পাক মদতপুষ্ট হক্কানি গোষ্ঠী। যদিও হক্কানিদের একেবারেই পছন্দ করে না তালিবান। কার্যত সেই কারণেই কিছুদিন পর পরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই চলেছে। আর পাকিস্তানিদের এই খেসারত দিতে হচ্ছে রক্তের বিনিময়ে।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক