Home » এশিয়াডের পঞ্চম দিনে শ্যুটিংয়ে জোড়া সোনা ভারতের

এশিয়াডের পঞ্চম দিনে শ্যুটিংয়ে জোড়া সোনা ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে শ্যুটিংয়ে ফের সোনা ভারতের। শুক্রবার শ্যুটিংয়ে জোড়া সোনার পদক জিতেছে ভারতের। ৫০ মিটার রাইফেলে থ্রি-পজিশনে পুরুষদের দলগত বিভাগে সোনা জয় ভারতের। ভারতের হয়ে সোনা জিতলেন ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, কুশল স্বপ্নিল এবং অখিল শিয়োরান। অপরদিকে মহিলাদের ১০ মিটার ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন ভারতের পলক গুলিয়া। এশিয়াডে রেকর্ড গড়ে সোনা জিতেছেন পলক।

পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের দলগত বিভাগে সোনা জিতেছে ভারত। এই প্রতিযোগিতায় এতদিন বিশ্বরেকর্ড ছিল ১৭৬১ পয়েন্টের। এদিন সব রেকর্ড ভেঙে দেন ভারতীয় শ্যুটাররা। ঐশ্বর্য, কুশল ও অখিল মিলে এদিন স্কোর করলেন ১৭৬৯। দ্বিতীয় স্থানে থাকা চিনের স্কোর ১৭৬৩। সেটাও একটা বিশ্বরেকর্ড। তবে এতে ভারতকে রুখতে পারেনি চলতি এশিয়াডের আয়োজক দেশ। ১৭৪৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে শেষ করেছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি আরও একটি রেকর্ড ভাঙলেন ভারতীয় শ্যুটাররা। একটি এশিয়াডে সর্বোচ্চ পদক জিতল তাঁরা। দোহাতে ভারতের শুটারেরা মোট ১৪টি পদক জিতেছিলেন। এতদিন সেই রেকর্ড সর্বোচ্চ ছিল। সেই রেকর্ড ভেঙে গেল শুক্রবার।

 

আরও পড়ুন: এশিয়ান গেমসে ষষ্ঠ সোনা শ্যুটিংয়ের হাত ধরে , সোনা জিতলেন ভারতের শ্যুটাররা

অপরদিকে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন ভারতের পলক গুলিয়া। ওই একই ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করে রূপো জিতেছেন ভারতের এষা সিং। শুক্রবার দলগত বিভাগে রূপো জিতেছিলেন ভারতের পলক-এষা জুটি। ব্যক্তিগত বিভাগেও নিরাশ করলেন না তাঁরা। গেমসে এত দিন রেকর্ড ছিল ২৪০.৩ পয়েন্টের। সেই রেকর্ড এদিন ভেঙে দেন পলক। ২৪২.১ পয়েন্ট স্কোর করে সোনা জিতলেন পলক। দ্বিতীয় স্থানে থাকা এষা স্কোর করলেন ২৩৯.৭ পয়েন্ট। তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জেতেন পাকিস্তানের কিশমালা তলত। সব মিলিয়ে এনিয়ে চলতি এশিয়ান গেমসে অষ্টম সোনা জিতল ভারত। ৮ টি সোনা ছাড়াও ভারতের ঝুলিতে রয়েছে ১১ টি রূপো ও ১১ টি ব্রোঞ্জ। প্রতিবেদন লেখা পর্যন্ত মোট ৩০ টি পদক নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারত।

About Post Author