স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ অক্টোবর: অ্যাথলেটিক্সে রবিবার জোড়া সোনা ভারতের। ৩০০০ মিটার স্টিপলচেজের পর পুরুষদের শট পাটে সোনা জিতল ভারত। ভারতকে এই সোনাটি এনে দিলেন তেজিন্দার তুর। ২০.৩৬ মিটার দূরত্বে শট পাট ছুঁড়ে দেশের ত্রয়োদশ সোনার পদকটি নিশ্চিত করেন তেজিন্দার ।

শট পাটে ভারতের অভিজ্ঞ ক্রীড়াবিদদের একজন তেজিন্দার। ২০১৯ ও ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে সোনা জিতেছিলেন তিনি। চলতি বছরে এশিয়ান ইন্দোর চ্যাম্পিয়নশিপেও দেশকে এনে দিয়েছিলেন সোনার পদক। ২০১৮ জাকার্তা এশিয়াডে রেকর্ড সোনা জিতেছিল ভারত। সোনা জিতেছিলেন পঞ্জাবের মগা শহরের বাসিন্দা তেজিন্দার। ফলে এই বার তাঁর থেকে সোনা জয়ের আশা ছিল ভারতীয় ক্রীড়া মহলের। কাউকে নিরাশ করলেন না ২৮ বছরের এই শট পাটার।

আরও পড়ুন: অবিনাশের হাত ধরে ফের এশিয়াডে সোনা ভারতের
এদিন শুরুটা ভালো হয়নি তেজিন্দারের। প্রথম পাঁচটির মধ্যে তিনটি প্রচেষ্টা ভেস্তে যায়। ফাউল থ্রো করে বসেন। যদিও চাপে না পড়ে ষষ্ঠ প্রয়াসে ছুঁড়লেন ২০.৩৬ মিটার। সেইসঙ্গে নিশ্চিত করলেন দেশের ত্রয়োদশ সোনা জয়। এই খেলায় ভারতের আর এক প্রতিযোগী শাহিব সিং নিরাশ করেছেন। ১৮.৬২ মিটার দূরত্বে শট পাট ছুঁড়ে অষ্টম স্থানে শেষ করেছেন তিনি। তেজিন্দারের সাফল্যে খুশির হাওয়া ভারতে। সদ্য সোনা জয়ী শট পাটারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “অসাধারণ তেজিন্দার। এশিয়ান গেমসে শট পাট ইভেন্টে একটানা দ্বিতীয় সোনার মেডেলের জন্য অভিনন্দন। তার পারফরম্যান্স ব্যতিক্রমী। আমাদের সকলকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। আগামীদিনের জন্য শুভকামনা।”

শট পাটের এশীয় রেকর্ডটি রয়েছে তেজিন্দারের দখলে। চলতি বছরের ১৯ জুন ভুবনেশ্বরে শট পাট ছুড়ে এশীয় রেকর্ড গড়েছিলেন তিনি। ওই খেলায় ২১.৭৭ মিটার দূরত্বে শট পাট পাঠিয়েছিলেন। যা এখনও অটুট রয়েছে। এদিন নিজের সেরা ফর্মের ধারেকাছে না থাকলেও সোনা জিততে সমস্যায় হয়নি তাঁর।


More Stories
ইউএস ওপেন : ছিটকে গেলেন আলকারাজ
ঈশান কিষানের পরাক্রমে দলীপ ট্রফি জয়ের দোরগোড়ায় পূর্বাঞ্চল
আবার বারাসাতে খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল