Home » অবিনাশের হাত ধরে ফের এশিয়াডে সোনা ভারতের

অবিনাশের হাত ধরে ফের এশিয়াডে সোনা ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ অক্টোবর: এশিয়াডে ফের সোনা জয় ভারতের। ক্রীড়াবিদ অবিনাশ সাবলের হাত ধরে সোনা জিতল ভারত। ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতলেন ভারতের এই ক্রীড়াবিদ। অবিনাশের হাত ধরে চলতি এশিয়াডে অ্যাথলেটিক্সে এটাই প্রথম পদক ভারতের।

শ্যুটিংয়ের পর রবিবার দ্বিতীয় সোনার পদক নিশ্চিত করল ভারত। সৌজন্যে মহারাষ্ট্রের দৌড়বিদ অবিনাশ সাবল। রেকর্ড গড়ে ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতলেন ভারতীয় নেভিতে কর্মরত অবিনাশ। ২০১৯ সালে দোহায় আয়োজিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো জেতেন অবিনাশ। তারপর গত বছর বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে অল্পের জন্য সোনার পদক হাতছাড়া হয় অবিনাশের। মাত্র ৫ সেকেন্ডের ব্যবধানে কেনিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে হারতে হয়েছিল তাঁকে। এবার কিছুটা সেই আক্ষেপে কিছুটা প্রলেপ পড়বে।

আরও পড়ুন:এশিয়াডে স্বপ্নের দৌড় ভারতীয় শ্যুটারদের, ফের শ্যুটিংয়ে সোনা জয়

শুধু সোনা জেতেননি অবিনাশ। নজির গড়ে সোনা জিতেছেন। এশিয়াডের মঞ্চে এর আগে স্টিপলচেজে নজির ছিল হোসেন কিহানির। গত বারের এশিয়ান গেমসে ৮ মিনিট ২২.৭৯ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন ইরানের দৌড়বিদ। সেই রেকর্ডটি এ বার ভেঙে দিলেন ভারতের অবিনাশ। ৮ মিনিট ১৯.৫০ সেকেন্ডে নিজের লক্ষ্যে পৌঁছে যান তিনি। পিছনে ফেলেন জাপানের রিয়োমা আওকিকে। রুপোর পদক জিতে খুশি থাকতে হল রিয়োমাকে। তৃতীয় স্থানে ছিলেন জাপানের আর এক দৌড়বিদ সেইয়া সুনাডা। তাঁদের অনেকটা পিছনে ফেলে নিজের লক্ষ্যে পৌঁছে যান অবিনাশ। দ্বিতীয় স্থানে শেষ করা রিয়োমার সঙ্গে তাঁর সময়ের ব্যবধান প্রায় ৪ সেকেন্ড। অভিনাশের এই সাফল্যে খুশি ভারতীয় ক্রীড়া মহল। অবিনাশকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “অসামান্য চ্যাম্পিয়ন ভারতকে আবার গর্বিত করল। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ ইভেন্টে অপ্রতিরোধ্য অবিনাশের জন্য একটি দুর্দান্ত সোনা। তাঁর সাফল্যের জন্য আমি অভিনন্দন জানাই। আগামী দিনের জন্য শুভকামনা।”

 

গত জাকার্তা এশিয়াডে মোট ৭০ টি পদক জিতেছিল ভারত। তারমধ্যে ১৬ টি সোনা জিতেছিলেন ভারতীয় ক্রীড়াবিদরা। অবিনাশের সোনা নিয়ে চলতি এশিয়াডে দ্বাদশ সোনাটি জিতে নিল ভারত। সেই রেকর্ডকে এবার স্পর্শ করতে পারবেন ভারতীয় ক্রীড়াবিদরা? অপেক্ষায় দেশের আপামর ক্রীড়াপ্রেমীরা।

About Post Author