Home » বাটলারের স্বপ্নের দলে পাত্তাই পেলেন না কোহলি-বাবররা, কারা জায়গা পেলেন দলে?

বাটলারের স্বপ্নের দলে পাত্তাই পেলেন না কোহলি-বাবররা, কারা জায়গা পেলেন দলে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ অক্টোবর: মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই বসতে চলেছে ক্রিকেটের সব থেকে বড় টুর্নামেন্ট আইসিসির একদিনের বিশ্বকাপ। বিশ্বকাপ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহের অভাব নেই। সেই উত্তাপ উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছেন প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। সেই তালিকায় নতুন নাম ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। বিশ্বকাপ শুরুর প্রাক্কালে বেছে নিলে নিজের স্বপ্নের পাঁচজনের দল। একটি সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় বর্তমানে খেলছে এমন পাঁচজনকে নিয়ে একটি দল তৈরি করতে। বিশ্বকাপে খেলা দলগুলিতে ভালো ক্রিকেটারের অভাব নেই। তার মধ্যে পাঁচজনকে বেছে নেওয়া যথেষ্ট ঝক্কির কাজ। সেই কাজটি করলেন বাটলর। কারা জায়গা পেলেন সেই দলে? দেখে নেওয়া যাক,

৫) আদিল রশিদ (ইংল্যান্ড): দলের একমাত্র স্পিন বোলার হিসেবে নিজের জাতীয় দলের সতীর্থের উপর আস্থা রেখেছেন বাটলার। ভারতীয় পিচে স্পিন বোলারদের গুরুত্ব সবসময় বেশি। তাই এই লেগস্পিনারকে দলে রেখেছেন বাটলার। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পিছনে অবদান ছিল স্পিনার রশিদের। গোটা টুর্নামেন্টে ১১ উইকেট নেওয়া স্পিনার এবারও ভারতে ম্যাজিক দেখাতে পারেন।

৪) আনরিখ নোকিয়া (দক্ষিণ আফ্রিকা): মিচেল স্টার্ক বা শাহীন শাহ আফ্রিদি নন। বাটলারের দলে একমাত্র জোরে বোলর হিসেবে সুযোগ পেয়েছেন আনরিখ নোকিয়া। যদিও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন এই প্রোটিয়া পেসার। তবু বাটলারের দলে জায়গা পেয়েছেন। কেন তার উত্তর দিতে পারেন একমাত্র ব্রিটিশ অধিনায়ক।

আরও পড়ুন: এশিয়াডে গোলের বন্যা ভারতের, বাংলাদেশকে একডজন গোল দিয়ে সোনার পথে হরমনপ্রীতরা

৩) কুইন্টন ডে কক (দক্ষিণ আফ্রিকা): ইংল্যান্ড অধিনায়কের দলের উইকেট রক্ষক ও ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন ডি কক। বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ইতিমধ্যে ঘোষণা করেছেন। এটিই সম্ভবত শেষ বিশ্বকাপ। বড় মঞ্চে চোকার্স তকমা হটাতে এই উইকেটরক্ষক ব্যাটারের উপর নির্ভর করতে হবে প্রোটিয়া শিবিরকে।

২) গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়ার হার্ড হিটার ব্যাটার সুযোগ পেয়েছেন বাটলারের স্বপ্নের দলে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বেশ পারদর্শী ম্যাক্সওয়েল। আইপিএলের সৌজন্যে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা নেহাত কম নয়। সেই কারণে বাবর, কোহলি, উইলিয়ামসনদের পিছনে ফেলে বাটলারের দলে সুযোগ পেয়েছেন গ্লেন।

১) রোহিত শর্মা (ভারত): তালিকায় একমাত্র ভারতীয় নাম রোহিত শর্মার। ২০১৯ বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করেছিলেন রোহিত। তাঁকে বড় ম্যাচের ক্রিকেটার বলেন অনেকে। এশিয়া কাপেও দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান। মাথা ঠাণ্ডা রেখে দলকে নেতৃত্ব দেওয়ার কাজেও তাঁর জুড়ি মেলা ভার। সেই রোহিত শর্মাকে দলে রেখেছেন বাটলার।

 

About Post Author