Home » লালহলুদের জোড়া চমক, এই বিশ্বকাপ জয়ী তারকা যোগ দিলেন ইস্টবেঙ্গলে

লালহলুদের জোড়া চমক, এই বিশ্বকাপ জয়ী তারকা যোগ দিলেন ইস্টবেঙ্গলে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ অক্টোবর: ইন্ডিয়ান সুপার লিগে গত ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। ক্লেটনের বিশ্বমানের ফ্রিকিক গোলে হায়দরাবাদকে হারিয়েছে লাল-হলুদ। কয়েকদিন কাটতে না কাটতে ফের চমক দিল ইস্টবেঙ্গল। একটা নয়, একেবারে জোড়া চমক। প্রথম চমক ইস্টবেঙ্গল ক্লাবে এল নতুন লগ্নি। দ্বিতীয়ত ইস্টবেঙ্গল দলে যোগ দিলেন এক বিশ্বকাপার। ক্লাবের জোড়া চমকের খবরে উচ্ছ্বসিত প্রাক্তন থেকে সমর্থকরা।

ফুটবলে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল। দলগঠন থেকে সাময়িক ফলাফল সেই ইঙ্গিতই করছে। তবে শুধু ফুটবল নয় এই মরশুমে ক্রিকেট দলকেও ঢেলে সাজিয়েছে ইস্টবেঙ্গল কর্তারা। একঝাঁক প্রতিভাবান ক্রিকেটারকে নেওয়া হয়েছে দলে। ক্রিকেটারদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কলকাতা ক্লাব ক্রিকেটের অন্যতম পরিচিত ও সফল কোচ মুখ আব্দুল মোনায়েমকে। মেন্টর হিসেবে রয়েছেন রঞ্জি জয়ী বাংলা দলের সদস্য ও ক্রিকেট প্রশিক্ষক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। এবার চিফ মেন্টর হিসেবে ঘোষণা করা হল সন্দীপ পাটিলের নাম। ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সন্দীপ। কলকাতার এক নামী হোটেলে জাঁকজমক অনুষ্ঠানে এই ঘোষণা করলেন ক্লাব কর্তারা। তবে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল অন্য। ইস্টবেঙ্গল ক্রিকেট দলের দীর্ঘ সময়ের স্পন্সর হল ‘শ্রাচি গ্রুপ’। অনুষ্ঠানে নিজেদের আগামীদিনের পরিকল্পনার কথা তুলে ধরেন শ্রাচি গ্রুপের কর্তারা। প্রায় তিন বছরের চুক্তি হয়েছে ক্লাবের সঙ্গে। আগামীদিনে ইস্টবেঙ্গল ক্লাবের সার্বিক উন্নয়নের জন্য এগিয়ে আসার ব্যাপারে আগ্রহী দেখিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: বাটলারের স্বপ্নের দলে পাত্তাই পেলেন না কোহলি-বাবররা, কারা জায়গা পেলেন দলে?

এই অনুষ্ঠান উপলক্ষ্যে তারকার মেলা দেখা গেল। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব অভিষেক ডালমিয়া, কিংবদন্তি ঝুলন গোস্বামী, লাল হলুদের প্রাক্তন ফুটবলার-সহ অনেকেই। ইস্টবেঙ্গল ক্রিকেট টিমের পরামর্শদাতা হিসেবে থাকবেন ঝুলন। তাঁকে সহায়তা করবেন রাজিব দত্ত। চলতি এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ ছিলেন রাজিব। সিএবি মহিলা ক্রিকেট লিগ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সেখানে আগামীদিনে ইস্টবেঙ্গল দলকে দেখতে পাওয়া যাবে বলেও জানিয়েছেন ঝুলন।

এই অনুষ্ঠানে লাল হলুদ পরিবারের সদস্য করা হয় সন্দীপ পাটিলকে। অনুষ্ঠানে তাঁকে লাল হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে আপ্লুত সন্দীপের গলায় এদিন শোনা গেল ৮৩ বিশ্বকাপের বিভিন্ন স্মৃতি।

About Post Author