স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ অক্টোবর: মোহনবাগানের সামনের লক্ষ্য এএফসি কাপ। সোমবার ডি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে মোহনবাগান। যুবভারতীতে মোহনবাগানের সামনে প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব মাজিয়া।

চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান। মরশুমের প্রথম ট্রফি হিসেবে ঘরে তুলেছে ডুরান্ড কাপ। ইন্ডিয়ান সুপার লিগেও পরপর দুটি ম্যাচ জিতে লিগ শীর্ষে রয়েছে কলকাতার এই প্রধান ক্লাবটি। মহাদেশীয় টুর্নামেন্টের শুরুটাও দাপট দেখিয়ে করেছে মোহনবাগান। প্রথম ম্যাচে স্বদেশীয় ক্লাব ওড়িশা এফসিকে হারিয়েছে ৪-০ গোলে। আত্মবিশ্বাস নিয়েই সোমবার ঘরের মাঠে মাজিয়ার মুখোমুখি হবেন শুভাশিস বসুরা।

গত মরশুমে এই মাজিয়াকে ঘরের মাঠে ৫-১ গোলে হারিয়েছিল মোহনবাগান। তবে এই মরশুমে মাজিয়া গত বারের তুলনায় অনেক বেশি শক্তিশালী বলে মনে করছেন মোহন কোচ। ফেরান্দোর সমীহ করার কারণ রয়েছে। নিজেদের শেষ ১৫ টি ম্যাচে এখনও একটিও ম্যাচ হারেনি মালদ্বীপের ক্লাবটি। গোল করেছে প্রায় ৫৯ টি। ম্যাচ প্রতি গোল সংখ্যা প্রায় ৪। এএফসি কাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে নাজিয়া। হারিয়েছে বাংলাদেশের শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংসকে। খেলার ফল ছিল ৩-১। এহেন প্রতিপক্ষকে সমীহ করাটাই বুদ্ধিমানের কাজ। সেটাই করছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ।

আরও পড়ুন: আদ্রিয়ান লুনার গোলে জিতে আইএসএলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল কেরালা
রবিবার দুপুরে যুবভারতীতে সাংবাদিক বৈঠক করেন দুই দলের কোচ। সেখানে জুয়ান বলেছেন, ” মাজিয়ার বিরুদ্ধে ম্যাচ কঠিন ম্যাচ। বসুন্ধরা কিংসকে হারিয়ে ভারতে এসেছে তাঁরা। এর থেকে বোঝা যায় গতবারের তুলনায় ওরা উন্নতি করেছে।” সমীহ করলেও তাঁর দল যে সেরাটা দিতে প্রস্তুত সেটাও জানাতে ভোলেননি ফেরান্দো। তাঁর কথায় প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত চিন্তা করে লাভ নেই। নিজেদের পরিকল্পনা মাফিক খেলতে হবে।”

ইন্ডিয়ান সুপার লিগের ঠাসা ক্রীড়াসূচির মধ্যে এএফসি কাপের ম্যাচ খেলতে হচ্ছে মোহনবাগানকে। তারমধ্যে দলে রয়েছে চোট আঘাত। তবে ফেরান্দোর বিশ্বাস দলের ছেলেরা মানসিকভাবে প্রস্তুত। তিনি বলেন, ” মাজিয়ার বিরুদ্ধে ম্যাচের পরে আইএসএলের খেলা রয়েছে। এই সপ্তাহে দুটি ম্যাচ খেলতে হচ্ছে। শারীরিক দিকের পাশাপাশি মানসিক দিক থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে।” এই মরশুমে আইএসএলের পাশাপাশি এএফসি কাপেও ভালো ফল করতে মরিয়া মোহনবাগান। কাজটা কঠিন হলেও পলিকল্পনা করে এগোতে চান মোহন কোচ।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ