স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ অক্টোবর: এশিয়ান গেমসে সোনার দৌড় অব্যাহত ভারতের।মঙ্গলবার দু’টি সোনা-সহ আরও নয়টি পদক জিতলেন ভারতীয় ক্রীড়াবিদেরা। দিনের শেষে চতুর্থ স্থান ধরে রেখেছে ভারত। শুটারদের পর এবার এশিয়ান গেমসে সাফল্য পাচ্ছেন ভারতীয় অ্যাথলিটেরা।

দিনের প্রথম সোনারটি আসে ট্র্যাক ইভেন্ট থেকে। মেয়েদের ৫০০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হলেন পারুল চৌধুরি। পারুলের থেকে পদকের আশা ছিল ভারতের। নিরাশ করলেন না তিনি। কথায় রয়েছে মর্নিং শো’জ দ্যা ডে। পারুলের দৌড়ের শুরুটা এরকমই ছিল। শুরু থেকেই প্রথম তিন দৌড়বিদের মধ্যে জায়গা করে নেন এই ভারতীয় ক্রীড়াবিদ। প্রতিযোগিতা যত এগিয়েছে বাকি প্রতিযোগীদের থেকে দূরত্ব বেড়েছে পারুলের। ৩০০০ মিটার দৌড়ে পর বাকি প্রতিযোগীদের থেকে এগিয়ে যান তিন জন। একটা সময় বেশ পিছিয়ে পড়েছিলেন ভারতীয় দৌড়বিদ। পারুলকে পিছনে ফেলে এগিয়ে যান জাপানের রিরিকা হিরোনাকা। শেষ ল্যাপে পারুলের ভাগ্য নির্ধারণ হয়। শেষ ৫০ মিটারে ফের ট্র্যাকের দখল নিলেন পারুল। টপকে গেলেন এগিয়ে থাকা জাপানি প্রতিদ্বন্দ্বীকে। এক নম্বরে প্রতিযোগিতা শেষ করে দিনের প্রথম সোনা নিশ্চিত করেন পারুল। এই ভারতীয় দৌড়বিদ ১৫ মিনিট ১৪.৭৫ সেকেন্ড সময় নেন ৫০০০ মিটার দৌড় শেষ করতে।

আরও পড়ুন: হংকংকে গোলের মালা, এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মহিলা হকি দল
দিনের দ্বিতীয় সোনাটি আসে ফিল্ড ইভেন্টে। মহিলাদের জ্যাভলিন থ্রোতে সোনা জেতেন ভারতের অন্নু রানি। নীরজ চোপড়ার সৌজন্যে এই খেলায় বিগত কয়েক বছরে অনেক গৌরব অর্জন করেছে ভারত। তবে এশিয়ান গেমসে নীরজের আগে এই খেলায় দেশের নাম উজ্জ্বল করলেন অন্নু রানী।

ফাইনালে প্রথমই ৫৬.৯৯ মিটার দূরত্বে বর্শা ছোড়েন তিনি। দ্বিতীয়টিতে ছুঁড়লেন ৬১.২৮ মিটার। এই রাউন্ডের পর প্রথম স্থানে চলে যান। ভারতীয় ক্রীড়াবিদকে জোর টক্কর দিচ্ছিলেন শ্রীলঙ্কার নাদিশা দিলশান ও চিনের লিউ হুইহুইয়ের। একটা সময়ে অন্নুকে টপকে শীর্ষে চলে গিয়েছিলেন নাদিশা। দ্বিতীয় স্থানে উঠে আসেন চিনের প্রতিযোগী। তিন নম্বরে নেমে গেলেও হাল ছাড়েননি অন্নু। শেষ তিনটি ছোঁড়াতে মনোনিবেশ করেন ভারতীয় ক্রীড়াবিদ। চতুর্থ রাউন্ডে ৬২.৯২ মিটার দূরত্বে পাঠালেন বর্ষাটিকে। ফের সবাইকে টপকে একনম্বরে চলে যান অন্নু। বাকি দুটি রাউন্ডে আর অন্নুকে টপকাতে পারেননি শ্রীলঙ্কা ও চিনের দুই প্রতিযোগী। শেষ পর্যন্ত দিনের দ্বিতীয় সোনা নিশ্চিত করেন অন্নু।
দুটি সোনা ছাড়াও দুটি রুপো এসেছে ভারতের ঝুলিতে। পুরুষদের ডেকাথেলন এবং ৮০০ মিটারে পদক নিশ্চিত করেন যথাক্রমে তেজস্বীন শঙ্কর এবং মহম্মদ আফজল। দীর্ঘ সময় একনম্বর জায়গায় থাকার পরও সোনা হাতছাড়া হয় তেজস্বীনের। ৭৬৬৬ পয়েন্ট স্কোর করে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। অপরদিকে পুরুষদের ৮০০ মিটারে রূপো জিতেছেন আফজল। ১ মিনিট ৪৮.৪৩ সেকেন্ডে দৌড় শেষ করেছেন ভারতীয় দৌড়বিদ।
ভারতের ঝুলিতে এদিন মোট পাঁচটি ব্রোঞ্জ এসেছে । মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতেছেন বিথা রামরাজ। পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রাবেলও ব্রোঞ্জ জিতেছেন। মহিলাদের ৫৪ কেজি কুস্তিতে প্রীতি পাওয়ার ব্রোঞ্জ নিশ্চিত করেন। পুরুষদের ৯২+ কেজি বিভাগ কুস্তিতে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের নরিন্দর বেরওয়াল। পুরুষদের ক্যানোয়িং স্প্রিন্ট সি-২ ১০০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের অর্জুন সিং এবং সুনীল সিং সালাম।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?