Home » চ্যাম্পিয়ন্স লিগে হারের রেকর্ড, ঘরের মাঠে ধাক্কা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

চ্যাম্পিয়ন্স লিগে হারের রেকর্ড, ঘরের মাঠে ধাক্কা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ অক্টোবর: খারাপ সময় পিছু ছাড়ছে না ইংল্যান্ডের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে হারের পর, এবার চ্যাম্পিয়ন্স লিগে হারের মুখ দেখল এরিক টেন হ্যাগের দল। তুরস্কের দল গালাতাসারের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় ম্যাচেও হারল রেড ডেভিলরা। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে দু’বার এগিয়ে গিয়েও হারতে হল ২-৩ গোলে। শেষ দিকে মিডফিল্ডার ক্যাসেমিরো লালকার্ড দেখায় দশজনে হয়ে যায় ইউনাইটেড।

ওল্ড ট্রাফোর্ডে আক্রমণাত্মক ফুটবল দিয়ে শুরু করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সুযোগ পেলে পাল্টা প্রতিআক্রমণ করছিল তুরস্কের ক্লাব গালাতাসারে। প্রথমার্ধের ১৭ মিনিটে ঘরের মাঠে গোল করে এগিয়ে যায় ইউনাইটেড। র‍্যাশফোর্ডের ক্রস থেকে হেড করে গোল করেন র‍াসমাস হইল্যান্ড। তবে গোলের উচ্ছাস দীর্ঘস্থায়ী হয়নি ইউনাইটেডের। ২৩ মিনিটে গালাতাসারের হয়ে সমতা ফেরান প্রাক্তন ইউনাইটেড ফুটবলার উইলফ্রেড জাহা। বিরতিতে ম্যাচের ফল ছিল ১-১।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পাওয়ার মরিয়া চেষ্টা চালাতে থাকেন ব্রুনো, র‍্যাশফোর্ড, মাউন্টরা।  দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লাল জার্সিধারীদের। ৬৭ মিনিটে গোল পায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ফের গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন ডেনমার্কের ফরওয়ার্ড হইল্যান্ড। তবে এবারও গোলের ব্যবধান ধরে রাখতে পারেনি ইউনাইটেড। ৭১ মিনিটে তুরস্কের ক্লাবের হয়ে সমতা ফেরান মহম্মদ করিম আকতুরকোগলু। গোলের ব্যবধান বাড়াতে আবার আক্রমণে ঝাঁপায় টেন হ্যাগ শিবির। তবে ৭৭ মিনিটে একটি মারাত্মক ভুল করে বসেন ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা। বিপক্ষের ফুটবলার মার্টেন্সের পায়ে বল তুলে দেন তিনি। বিপদ বুঝে পিছন থেকে তাঁকে ট্যাকেল করেন ক্যাসেমিরো। তুরস্কের ক্লাবকে পেনাল্টি দেন রেফারি। এই ফাউলের জন্য দ্বিতীয় হলুদ কার্ড ও লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্যাসেমিরোকে। ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে হয় ইউনাইটেডকে। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি মাউরো ইকার্ডি।

আরও পড়ুন: পেনাল্টি মিস করেও জোড়া গোল, মোহনবাগানের মাজিয়া জয়ের নায়ক কামিংস

দশজনের ইউনাইটেডের বিরুদ্ধে শেষদিকে আক্রমণ বাড়ায় গালতাসারে। ৮১তম মিনিটে ইউনাইটেড রক্ষণের ভুলে গালাতাসারের হয়ে জয়সূচক গোলটি করেন সেই মাউরো ইকার্ডি। শেষের দিকে চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি ইউনাইটেড। এই নিয়ে চ্যাম্পিয়নস লিগে প্রথমবার প্রথম দুই ম্যাচেই হারতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে।

About Post Author