Home » হংকংকে গোলের মালা, এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মহিলা হকি দল

হংকংকে গোলের মালা, এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মহিলা হকি দল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ অক্টোবর: এশিয়ান গেমসের হকিতে সেমিফাইনালে ভারতের মহিলা হকি দল। মঙ্গলবার এ পুলের শেষ ম্যাচে হংকংকে ১৩ গোলে উড়িয়ে দিলেন সবিতা পুনিয়ারা। চারটি ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছে গেল মহিলা হকি দল । গ্ৰুপের খেলায় মোট ৩৩টি গোল করেছ। গোল হজম করেছে মাত্র ১ টি। পুরুষদের হকিতেও এর আগে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে মহিলা হকি দল ।

এদিন ভারতের নারীশক্তি হংকংয়ের বিরুদ্ধে গোটা ম্যাচে দাপট দেখিয়েছে। হংকংয়ের বিরুদ্ধে হ্যাটট্রিকের হ্যাটট্রিক করেছেন ভারতের মেয়েরা। ভারতের হয়ে হ্যাটট্রিক করেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড বন্দনা কাতারিয়া, সহ অধিনায়ক দীপ গ্রেস এক্কা এবং দীপিকা। খেলার ২, ১৬এবং ৪৮ মিনিটে গোল করেন বন্দনা। খেলার ১১, ৩৪ এবং ৪২ মিনিটে গোল করেন দীপ গ্রেস। পেনাল্টি কর্ণার থেকেও গোল করেছেন তিনি। খেলার ৪, ৫৪ এবং ৫৮ মিনিটে গোল করেন দীপিকা। খেলার ২৭ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেছেন ভারতের সঙ্গীতা কুমারী। এছাড়াও ১টি করে গোল পেয়েছেন মনিকা, নভনীত কউর এবং বৈষ্ণবী। প্রথম দুটি কোয়ার্টারে ৬-০ গোলে এগিয়ে গিয়েছিল ভারতের মেয়েরা। দ্বিতীয়ার্ধে একই রকম আধিপত্য প্রদর্শন করে ৭ গোল দেন বন্দনা, দীপ, দীপিকারা।

আরও পড়ুন: যশস্বীর ঝোড়ো শতরান, এশিয়ান গেমসের শেষ চারে ভারত

চলতি এশিয়ান গেমসের হকিতে দুরন্ত ফর্মে রয়েছে ভারত। পুরুষদের পাশাপাশি প্রতি ম্যাচে বড় ব্যবধানে জয় পাচ্ছে ভারতের মেয়েরা।সিঙ্গাপুরকে ১৩-০ ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে হাফডজন গোলে উড়িয়ে দেন সবিতারা। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ কোরিয়ার বিরুদ্ধে ১-১ ড্র করেছিল। হংকংকেও গোলের মালা পরালেন দীপিকারা। এশিয়ান গেমসের হকিতে প্রথম মহিলা দল হিসেবে সেমিফাইনালে উঠল ভারত। পুল এ-তে শীর্ষ স্থানে থেকে শেষ করেছে ভারতের মেয়েরা। চার ম্যাচে সবিতাদের সংগ্রহ ১০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

About Post Author