সময় কলকাতা ডেস্ক, ৪ অক্টোবরঃ মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সমগ্র উত্তরবঙ্গ। লাগাতার বৃষ্টির কারণে উত্তর সিকিমের লোনাক লেকের প্রাচীর ভেঙে ফুলে ফেঁপে উঠেছে তিস্তার জলস্তর। বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়। তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে জলপাইগুড়ির কিছু এলাকায় ভয়াবহ বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। মৌসম ভবন সূত্রে খবর, আগামী তিন থেকে চারদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড় এবং সমতলে। জলপাইগুড়ি নিয়ে ক্রমশ তৈরি হচ্ছে উদ্বেগ। পাহাড় থেকে বিপুল পরিমাণ জল নামায় বন্যা পরিস্থিতি জলপাইগুড়িতে।

জলপাইগুড়ি জেলার সমস্ত স্কুল গুলিকে ছুটি দেওয়ার নির্দেশ দিলেন জেলাশাসক শ্যামা পারভিন। তিস্তায় জলস্তর বাড়ার জন্য সমস্ত বাঁধের লকগেট খুলে দেওয়া হয়েছে। যার কারণে হুড়মুড়িয়ে জল নেমে আসছে জলপাইগুড়িতে। মেখলিগঞ্জেও তিস্তায় জলস্তর বৃদ্ধি পেয়েছে। অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। জল আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মেখলিগঞ্জের পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দফতর কাজে নেমেছে। অপরদিকে, গজোলডোবার জলাধারে জল ছাড়ার পরিমাণ ক্রমশ বাড়ানো হয়েছে। ফলে বুধবার বিকেলের আগেই দোমহনি-মেখলিগঞ্জ ও বাংলাদেশের একাংশের অসংরক্ষিত কিছুস্থান ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মেখলিগঞ্জ সহ ওই এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।
আরও পড়ুন মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম ! নিখোঁজ ২৩ জওয়ান, উদ্বেগ প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

কোচবিহার জেলার হলদিবাড়ি প্রশাসনের পক্ষ থেকে তিস্তার বাঁধ সংলগ্ন এলাকার মানুষজনকে সতর্ক করা হয়েছে। বুধবার সকাল থেকেই হলদিবাড়ির বিডিও, জয়েন্ট বিডিও, হলদিবাড়ি থানার আইসি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই নদী সংলগ্ন এলাকার মানুষজনকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় নিয়ে আসা হয়েছে। প্রসঙ্গত, তিস্তা নদীর জলস্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে গিয়েছে। লাগাতার বৃষ্টির কারণে উত্তর সিকিমের লোনাক লেকের জল তিস্তায় ঢুকতে শুরু করেছে। তিস্তার তোড়ে ভেসে গিয়েছে একাধিক সেতু। বহু জায়গাতেই রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল। সকাল ১০টা নাগাদ তিস্তা ব্যারেজ থেকে ৮২৫২.৪০ কিউমেক জল ছাড়া হয়েছে। বুধবার সকালেই লোনক হ্রদে আরও বড় ফাটল দেখা দিয়েছে। জল আরও নীচে নেমে আসছে। আরও ২৫ ফুট জলস্তর বাড়বে বলেই জানা গিয়েছে। সেনাদের সহায়তায় নদী পার্শ্ববর্তী বাসিন্দাদের ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে


More Stories
সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন
অভিযুক্তদের দড়ি বেঁধে ঘোরানো ওসিদের জেলে যেতে হবে, মহুয়া মৈত্রের বক্তব্যের আইনি ব্যাখ্যা কী?
দেবরাজের পরে এবার কে? পার্থ ভৌমিককে গ্রেফতারের ইঙ্গিত দিলেন কৌস্তভ