Home » নারীশক্তির হাত ধরে এশিয়ান গেমসে ১৯ তম সোনা ভারতের

নারীশক্তির হাত ধরে এশিয়ান গেমসে ১৯ তম সোনা ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ অক্টোবর: এশিয়ান গেমসে ১৯ তম সোনা জয় ভারতের। মেয়েদের কমপাউন্ড তিরন্দাজির দলগত বিভাগে সোনা জিতে শুরু করে ভারত। বৃহস্পতিবার এই প্রতিযোগিতার হাড্ডাহাড্ডি ফাইনালে চাইনিজ তাইপেইকে হারিয়ে ১৯ তম সোনা নিশ্চিত করে ভারতের মেয়েরা। খেলার ফল ভারতের পক্ষে ২৩০-২২৯। ভারতের সোনা জয় নিশ্চিত করেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচন্দ এবং পারনীত কউর। এটা নিয়ে এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জিতলেন ভারতীয় তিরন্দাজেরা।

ফাইনালে দু’দলের মধ্যে প্রতিযোগিতা ছিল সেয়ানে সেয়ানে। খেলার শুরুতে কিছুটকা পিছিয়ে পড়ে ভারত। প্রথম সেটে ৫৪-৫৬ পয়েন্টে পিছিয়ে ছিলেন জ্যোতি, অদিতি, পারণীতরা। তবে দ্বিতীয় সেটে দুরন্ত প্রত্যাবর্তন করে তাঁরা। এই সেটে ৫৮-৫৫ ব্যবধানে চাইনিজ তাইপেইয়ের প্রতিযোগিদের পিছনে ফেলে ভারত। মোট পয়েন্টের নিরিখে ১ পয়েন্টে এগিয়ে যান ভারতের মেয়েরা। তৃতীয় সেটে ফের পিছিয়ে পড়ে ভারত। ৬০-৫৯ ব্যবধানে জিতে নেয় চাইনিজ তাইপেই। ফলে এই রাউন্ডের শেষে দুই দলের মোট পয়েন্ট ছিল সমান। দু’দলের স্কোর ছিল ১৭১ পয়েন্ট। এই পরিস্থিতিতে শেষ সেট নির্ণায়ক হয়ে দাঁড়ায়। তবে স্নায়ুচাপের লড়াইয়ে বাজিমাত করল ভারতের মেয়েরা। চতুর্থ তথা শেষ সেটে ৫৯-৫৮ পয়েন্টে জেতে ভারতীয় দল। শেষ পর্যন্ত ২৩০ পয়েন্ট পেয়ে সোনা নিশ্চিত করে ভারত। ১ পয়েন্টের ব্যবধানে হেরে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয় চাইনিজ তাইপেইকে। চলতি এশিয়ান গেমস থেকে দেশকে ১৯তম সোনার পদক এনে দিলেন মহিলা তীরন্দাজেরা।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমস হকির ফাইনালে ভারত

প্রসঙ্গত, তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপে মহিলাদের দলগত কম্পাউন্ডেও জ্যোতি, অদিতি এবং পারনীতের সৌজন্যে সোনা জিতেছিল ভারত। এই মুহূর্তে এই খেলায় বিশ্ব ক্রমপর্যায় শীর্ষে রয়েছে ভারতের এই তিন তিরন্দাজ। বৃহস্পতিবার এশিয়ান গেমসের ফাইনালে চাইনিজ তাইপের যে দলের মুখোমুখি হয়েছিলেন জ্যোতিরা, তাঁরা বিশ্বক্রমপর্যায়ের তিন নম্বরে রয়েছে। ফলে রুদ্ধশ্বাস লড়াইয়ের প্রত্যাশা ছিল। চলতি প্রতিযোগিতায় বুধবার কম্পাউন্ড তিরন্দাজির মিক্সড দলগত বিভাগে সোনা জিতেছিল ভারত। সেই দলে ছিলেন জ্যোতি। ফলে চলতি গেমস থেকে দ্বিতীয় সোনা জিতলেন এই ভারতীয় তিরন্দাজ। এশিয়ান গেমস থেকে এখনও পর্যন্ত মোট ১৯ টি সোনা জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদেরা। পদক তালিকার চার নম্বরে রয়েছে ভারত। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে মোট ৮২টি পদক।

About Post Author