স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ অক্টোবর: চলতি আইএসএলে প্রথম হারের মুখ দেখল ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে হারতে হল লাল-হলুদকে। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হার ১-২ গোলে। মহেশের গোলে খেলার শুরুতে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসির হয়ে বিতর্কিত পেনাল্টির গোলে সমতা ফেরান সুনীল ছেত্রী। দ্যা ব্লুজদের হয়ে ম্যাচের জয়সূচক গোলটি করেন জাভি হার্নান্দেজ।

লাগাতার ইন্ডিয়ান সুপার লিগে ব্যর্থতার পর চলতি মরশুমে শুরুটা খারাপ করেনি ইস্টবেঙ্গল। তবে নিজেদের তৃতীয় ম্যাচের হারের মুখ দেখতে হল লাল-হলুদ শিবিরকে। যদিও বুধবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে হারার মত খেলেনি কার্লেস বাহিনী। প্রথমার্ধের শুরুতেই প্রথম গোলটি পায় ইস্টবেঙ্গল। ১৫ মিনিটে লালহলুদকে এগিয়ে দেন মহেশ নাওরেম সিং। নিজেদের অর্ধ থেকে বল পেয়ে মহেশকে পাস দেন নন্দকুমার। বেঙ্গালুরুর দু’জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে সেই গোল বেশি ক্ষণ ধরে রাখতে পারেনি কুয়াদ্রাত শিবির। ১৯ মিনিটের মাথায় বেঙ্গালুরুকে পেনল্টি উপহার দেন রেফারি। বক্সের মধ্যে পড়ে গিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু রিপ্লেতে দেখা যায় সুনীলকে লাল-হলুদের কোনও ফুটবলার স্পর্শ করেননি। পেনাল্টি থেকে খেলার সমতাসূচক গোলটি করেন সুনীল। লাল-হলুদ গোলরক্ষক প্রভসুখন গিল সঠিক দিকে অনুমান করে ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি। খেলার ২৯ মিনিটে নন্দ কুমারের গোল অফসাইডের জন্য বাতিল হয়। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলেই।

আরও পড়ুন: নারীশক্তির হাত ধরে এশিয়ান গেমসে ১৯ তম সোনা ভারতের
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাঁপায় ইস্টবেঙ্গল। ৫৫ মিনিটে খেলার সুবর্ণতম সুযোগটি নষ্ট করে লাল হলুদ। ডান প্রান্ত থেকে বল নিয়ে উঠে নন্দকুমারের উদ্দেশে গোলের ঠিকানা লেখা পাসটি বাড়িয়েছিলেন সেই মহেশ। সামনে ফাঁকা গোল পেয়ে গিয়েছিলেন নন্দ। কিন্তু বলের সঠিক জায়গায় মারতে পারেননি তিনি। গোলপোস্টের অনেকটা উপর বল চলে যায় সীমান্তরেখা অতিক্রম করে মাঠের বাইরে। সেই গোলের মাশুল দিতে হল ইস্টবেঙ্গলকে। খেলার ৭২ মিনিটে বেঙ্গালুরুকে এগিয়ে দেন জাভি হার্নান্দেজ। বক্সের মধ্যে থেকে অনবদ্য বাইসাইকেল শটে গোল করেন এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার। সুযোগই পাননি প্রভিসুখন। বেঙ্গালুরু এগিয়ে যায় ২-১ গোলে। শেষের দিকে দুই দলের কোচ একাধিক পরিবর্তন করেন। তবে স্কোরবোর্ডে পরিবর্তন হয়নি। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়েই বেঙ্গালুরু থেকে ফিরতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। লিগে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কার্লেস কুয়াদ্রতের দল। অপরদিকে ইস্টবেঙ্গলকে হারিয়ে চলতি আইএসএলে প্রথম জয় পেল বেঙ্গালুরু। তিন ম্যাচে তিন পয়েন্ট পেয়ে সুনীলেরা আট নম্বরে। দু’ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে রয়েছে মোহনবাগান।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার