Home » বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল নিউজিল্যান্ড

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ অক্টোবর: ইংল্যান্ডকে হেলায় হারিয়ে বিশ্বকাপে (ICC Men’s World Cup 2023) অভিযান শুরু করল নিউজিল্যান্ড (New Zealand)। বৃহস্পতিবার আহমেদাবাদে দাপুটে জয় পেল ব্ল্যাক ক্যাপরা। প্রথমে ব্যাট করে ২৮২ রান তোলে ইংল্যান্ড (England)। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে ২৭৩ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও রচিন রবীন্দ্র।

শুরু হয়ে গেল বাইশ গজে বিশ্বজয়ের লড়াই। বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হল আইসিসি একদিনের ক্রিকেটে বিশ্বকাপ। মুখোমুখি হয়েছিল গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স আপ নিউজিল্যান্ড। চোটের কারণে উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ডের তারকা বেন স্টোকস। একই কারণে নিউজিল্যান্ড পায়নি তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন ও বোলার টিম সাউদিকে। উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন টম ল্যাথাম। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান তিনি।

প্রথমে ব্যাট করে ২৮২ রান তোলে ইংল্যান্ড। দ্যা লায়নদের হয়ে ইনিংস ভালো শুরু করেন ওপেনার জনি বেয়ারস্টো। ৩৩ রান করেন মিচেল স্যান্টনারের বলে আউট হন তিনি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন জো রুট। অধিনায়ক জস বাটলার করেন ৪৩ রান। ইংল্যান্ডের ১১ জন ক্রিকেটার এদিন দুই অঙ্কের রান করেন। যা একদিনের ক্রিকেটের ইতিহাসে বিরল। কিউয়িদের হয়ে ৩ টি উইকেট নেন ম্যাট হেনরি। ২ টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস। ১ টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও রচিন রবীন্দ্র।

আরও পড়ুন: সচিন,লারা,পন্টিং, সেহওয়াগদের সঙ্গে এক আসনে কনওয়ে; কি রেকর্ড গড়লেন কিউয়ি তারকা? দেখে নিন

২৮৩ রান তাড়া করতে নেমে উইল ইয়ংয়ের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। কোনও রান না করে প্যাভিলিয়নে ফেরেন ইয়ং। মনে করা হচ্ছিল দলের দুই অভিজ্ঞ স্পিনার মঈন আলি ও আদিল রশিদ কিউয়িদের উপর চাপ বাড়াবে। তবে গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের আশায় জল ঢেলে দেন দুই বাঁ হাতি ব্যাটার। একজন অভিজ্ঞ কনওয়ে অপরজন বিশ্বকাপের মঞ্চে নবাগত রচিন্দ্র। ইংল্যান্ডের বোলারদের উপর পাল্টা চাপ তৈরি করেন তাঁরা। আক্রমণাত্মক খেলতে শুরু করেন দুজনেই। প্রতি ওভারে গড়ে দুটি করে বড় ও ছোটো বাউন্ডারি মারছিলেন দুজনে। একটা সময় মনে হচ্ছিল টি-২০ খেলতে নেমেছেন দুজনে। আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলেন কনওয়ে। ফলে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কিন্তু যেভাবে তরুণ রচিন্দ্র তাঁকে সঙ্গ দিলেন কোনও প্রশংসা তাঁর জন্য যথেষ্ট নয়। বিশ্বচ্যাম্পিয়নদের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন দুই কিউয়ি ব্যাটার। চলতি বিশ্বকাপের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের শতরান পূর্ণ করেন কনওয়ে। পিছিয়ে ছিলেন না রচিন্দ্র। তিনিও নিজের শতরান পূর্ণ করেন। দ্বিতীয় উইকেটে ২৭৩ রানের জুটি গড়লেন দুজনে। রচিন্দ্র অপরাজিত রইলেন ১২৩ রানে। কনওয়ে থামলেন ১৫২ রানে। মোট ৩০ টি চার ও ৮ টি ছয় মারলেন দুই ব্যাটার। ৩৬.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্ল্যাকক্যাপরা। ১২৩ রান ও ১ টি উইকেট নিয়ে ম্যাচে সেরা ভারতীয় বংশোদ্ভুত রচিন্দ্র।

About Post Author