Home » ম্যাচ জেতানো ইনিংস খেলেও চূড়ান্ত হতাশ ভারতের দুই নায়ক, কি হল কোহলি-রাহুলের?

ম্যাচ জেতানো ইনিংস খেলেও চূড়ান্ত হতাশ ভারতের দুই নায়ক, কি হল কোহলি-রাহুলের?

সম্রাট চট্টোপাধ্যায়, সময় কলকাতা, ৯ অক্টোবর:  রুদ্ধশ্বাস জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে ভারত হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়াম ৬ উইকেটে জয় পেয়েছেন রোহিতরা। রবিবার ভারতের অস্ট্রেলিয়া জয়ের নায়ক বিরাট কোহলি ও লোকেশ রাহুল। দুজনের ১৬৫ রানের জুটি ভারতের জয় নিশ্চিত করেছে। চাপের মুখ থেকে দলকে জয় এনে দিলেও কেন চূড়ান্ত হতাশ হতে হয়েছিল  ভারতের দুই নায়ককে?

যুদ্ধ শেষে তৃপ্তির হাসি উধাও ভারতের দুই সেনাপতির মুখে। একজনকে দেখা গেল ড্রেসিং রুমে বসে মাথা চাপড়াতে। অপরজন ছয় মেরে দলকে জিতিয়েও পিচের উপর বসে পড়লেন হাঁটু গেঁড়ে। প্রথম জন বিরাট কোহলি। তিনি চেয়েছিলেন শতরান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে। সেই লক্ষ্য দুটি অসম্পূর্ণ রেখে প্যাভিলিয়নে ফিরতে হয় কিং কোহলিকে। জশ হ্যাজেলউডের বলে বড় শট মারতে গিয়ে ৮৫ রানে থামতে হয় কোহলিকে। তখনও জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩৩ রান। কিছুটা সময় আরও ধৈর্য্য রাখলে দুটি লক্ষ্য পূরণ করতে পারতেন তিনি।

এর আগে মোট তিনটি বিশ্বকাপের মধ্যে দুটির প্রথম ম্যাচে শতরান করেছিলেন কোহলি। এবারও খুব কাছে পৌঁছেও, সেই লক্ষ্য পূরণ না হওয়ায় স্বভাবতই হতাশ দেখিয়েছে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়কে। আর দ্বিতীয় জন লোকেশ রাহুল। কোহলির মত তিনিও চেয়েছিলেন শতরান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে। দ্বিতীয় কাজটিতে সফল হলেও শতরান থেকে ৩ রান দূরে থামতে হল তাঁকে। শেষে দিকে ভারতের জয়ের জন্য দরকার ছিল ৬ রান। আর রাহুলের শতরানের জন্য দরকার ছিল ৯ রান।

আরও পড়ুন    মেঘালয়ে বাড়ি ধসে পড়ায় একই পরিবারের চার সদস্যের জীবন্ত সমাধি

তবে, কামিন্সের বলে শটটা একটু বেশি জোরে মেরে দিলেন রাহুল। বল চলে গেল বাউন্ডারি সীমানা অতিক্রম করে মাঠের বাইরে। তারপর নিজেও বিশ্বাস করতে পারছিলেন না ম্যাচ শেষ হয়ে গিয়েছে। ৯৭ রানে অপরাজিত থেকে হাঁটু মুড়ে বসে পড়েছিলেন রাহুল। শতরান হাতছাড়া হওয়ার আক্ষেপ শোনা গেল রাহুলের গলায়। শেষের দিকে শতরানের হিসেব কষে এগোচ্ছিলেন বলে জানান তিনি। একমাত্র উপায় ছিল প্রথমে চার ও পরে ছয় মারা। তবে কামিন্সের বলে শটটি বেশি জোরেই হয়ে গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত দল জেতায় শতরানের আক্ষেপ নেই বলে জানান রাহুল।

About Post Author