Home » হাওড়ায় ভোজ্য তেল তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন

হাওড়ায় ভোজ্য তেল তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৩টি ইঞ্জিন

সময় কলকাতা ডেস্ক, ১৪ অক্টোবরঃ উৎসবের মরশুমে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড হাওড়ায়। মহালয়ার সকালে ভয়াবহ আগুন লাগে হাওড়ার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভোজ্য তেল তৈরির গুদামে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে এসেছে দমকলের ১৩টি ইঞ্জিন। এখনও পর্যন্ত আগুন সেভাবে নিয়ন্ত্রণে আনা যায়নি। ঘটনাস্থলে রয়েছেন সাঁকরাইল থানার পুলিশ ও দমকলের আধিকারিকরা। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন    মহালয়ার দিন আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, মানসিক চাপ বৃদ্ধি! পড়ুন রাশিফল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহালয়ার সকাল সাড়ে ছটা নাগাদ হঠাৎই হাওড়ার সাঁকরাইলে ওই ভোজ্য তেলের গুদামে আগুন লাগে। গুদামে প্রচুর পরিমাণে ভোজ্য তেল মজুত থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় গোটা চত্বরজুড়ে। দ্রুত আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। তড়িঘড়ি খবর পৌঁছয় দমকলে। প্রথমে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। সেইসঙ্গে ঘটনাস্থলে পৌঁছন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী এবং জেলাশাসক দিপাপ পি। সাঁকরাইল থানার পুলিশও ঘটনাস্থলে এসে উপস্থিত হন।

যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা দেখেই বোঝা যাচ্ছে, এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, যে পরিমাণ জল রয়েছে, তা পর্যাপ্ত নয়। ১০ টা পাম্প লাগানো রয়েছে। তার সঙ্গে ৭টা ছোটো পাম্পও লাগানো রয়েছে। কয়েকটি জায়গায় ‘ওপেন ওয়াটার’পাওয়া যাচ্ছে। পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না। যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে,তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে থেকেই আগুন লেগেছে। ওই ভোজ্য তেলের গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা,তাও খতিয়ে দেখা হচ্ছে।

About Post Author