সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর: দোরগোড়ায় শীত! কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ। হাওয়ায় এখন ঠাণ্ডা আমেজ। ভোর হতেই শিরশিরানি পারদ পতন। ক্রমশ শুকনো হচ্ছে আবহাওয়া। মেঘের পরত কাটিয়ে ঢুকছে শীত৷ শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। যদিও কলকাতা ও তার আশেপাশের এলাকায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তবে, রাজ্যের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবারই আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে অতিভারী নিম্নচাপে পরিণত হয়েছিল। যার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নবমীর দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার সারাদিনই কলকাতার আকাশ মেঘলাই থাকবে। সকাল থেকেই দেখা মেলেনি রোদের। ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে সরে যাওয়ায় বঙ্গে আর ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। বঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে। সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমেছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৪ থেকে ৮৯ শতাংশ।
আরও পড়ুন ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় লোকসভার মহুয়াকে তলব এথিক্স কমিটির
পূর্বাভাস বলছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। বিকেলের পর তাপমাত্রা আরও কমবে। গত কয়েকদিন ধরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমেছে। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গেও শীতের আগমন ঘটেছে। অন্যদিকে, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অসম, মিজোরাম, মণিপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?