স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ অক্টোবর: অপেক্ষাটা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সেই ঘোষণাটা সরকারি সিলমোহর পেল প্যারিসের থিয়েটার দু শাতলে। ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। ফুটবল বিশ্বের ব্যক্তিগত সেরার পুরস্কারের মধ্যে অন্যতম ব্যালন ডি’ অর। প্রতিবছর ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়। ১৯৫৬ থেকে শুরু হয় এর যাত্রা। এই পুরস্কার দেওয়ার রীতি চলছে ৬৭ বছর ধরে। রেকর্ড অষ্টম বারের জন্য এই খেতাব জিতলেন আর্জেন্টিনার মহাতারকা।

এবার পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেন আইভরি কোস্টের কিংবদন্তি ফুটবলার দিদিয়ের দ্রগবা। তাঁর সঙ্গে ছিলেন ফরাসি সাংবাদিক ও উপস্থাপক স্যান্ডি হেরিবার্ট। ফুটবলের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদের হাট বসে প্যারিসের থিয়েটার দু শাতলে। ফুটবল নক্ষত্রদের ভিড়ে আলাদাভাবে নজর কেড়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের উপস্থিতি। অনুষ্ঠানে সেরার পুরস্কার কাদের হাতে উঠল একনজরে দেখে নেওয়া যাক-
বর্ষসেরা মহিলা ফুটবলার- আইতানা বোনামাতি
বর্ষসেরা ক্লাব (পুরুষ)- ম্যাঞ্চেস্টার সিটি
বর্ষসেরা ক্লাব (মহিলা)- বার্সেলোনা
লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক)- এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা)
জার্ড মুলার ট্রফি (সেরা স্ট্রাইকার)- আর্লিং হালান্ড
সক্রেটিস অ্যাওয়ার্ড- ভিনিসিয়াস জুনিয়র
কোপা ট্রফি (অনূর্ধ্ব ২১ বছর বয়সি সেরা খেলোয়াড়)- জুড বেলিংহাম
আরও পড়ুন ঝুমে জো পাঠান, তিন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন আফগান শিবিরে
তবে এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ পুরুষ ফুটবলারের বর্ষসেরা পুরস্কার উঠেছে মেসির হাতে। মেসি ছাড়া ব্যালন ডি’অর ২০২৩-র দাবিদার ছিলেন দুজন। একজন ম্যাঞ্চেস্টার সিটির নরওয়ের স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড ও পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। গত মরশুমে সিটিজেনদের হয়ে ৫৩টি গোল করার পাশাপাশি ত্রিমুকুট জিতেছিলেন হাল্যান্ড। অন্যদিকে গত কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন এমবাপে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করে জিতেছিলেন সোনার বুট। ফাইনালে তাঁর দল হারলেও হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। তবে এই দুই তারকাকে টেক্কা দিয়ে ব্যালন ডি’অর ২০২৩ জিতলেন মেসি। কারণ মেসির নেতৃত্বেই গত বছর বিশ্বকাপের ৩৬ বছরের খরা কাটিয়েছে আর্জেন্টিনা। সোমবার সাদা শার্টের ওপর কালো কোট এবং কালো বো টাই পরে দেখা যায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও তিন পুত্র।

আরও পড়ুন আফগান ক্রিকেটারকে ১০ কোটি টাকা অনুদান! কি বলছেন রতন টাটা
মেসির অষ্টম বারের ব্যালন ডি’অর জেতার ঘোষণা করেন ইংলিশ কিংবদন্তি ও মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির কর্ণধার ডেভিড বেকহাম।পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মেসি বলেছেন, ‘এই মঞ্চে আরও একবার উপস্থিত হতে পেরে আমি আনন্দিত।’ ৩৬ বছর পর কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।সেই দলের অধিনায়ক মেসি বিশ্বকাপ জয়ের অনুভূতি আরও একবার ভাগ করে নেন। তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিল বিশ্বকাপ জেতা । অন্য দেশের মানুষরাও চেয়েছিল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। এই অনুভূতিটা অন্যরকম’। নিজের দীর্ঘ ফুটবল জীবনের প্রাপ্তি নিয়ে মেসি বলেছেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি এরকম ক্যারিয়ার হবে। আমি যা অর্জন করেছি তাতে নিজেকে ভাগ্যবান মনে করি। আমি বিশ্বের সেরা দলে খেলেছি, ইতিহাসের সেরা দলে খেলেছি। এটা আমার জন্য দলগত ও ব্যক্তিগত পুরস্কার জয়ের কাজটাকে প্রশস্ত করেছে।’ বর্তমানে ৩৬ বছর বয়স আর্জেন্টিনা মহাতারকার। পেশাদারী ফুটবল জীবনের সায়াহ্নে পৌঁছে গিয়েছেন তিনি। ইউরোপীয় ফুটবল ছেড়ে গত বছর নাম লিখিয়েছেন আমেরিকার সকার লিগে। ফলে আগামী দিনে এই মঞ্চে তাঁকে দেখতে না পাওয়ার সম্ভাবনাই প্রবল। তবে আর ব্যালন ডি’অর পান বা না পান এই পুরস্কার জয়ে তিনি একটি মাইল ফলক স্থাপন করে দিলেন বলেই মত বিশেষজ্ঞ মহলের।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার