Home » ম্যাক্সি মুগ্ধতা, ওয়াংখেড়েতে যে যে কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার

ম্যাক্সি মুগ্ধতা, ওয়াংখেড়েতে যে যে কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ নভেম্বর: আফগানিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিকেটেও যে একক দক্ষতায় ম্যাচ জেতানো যায়, তা প্রমাণ করেছেন ম্যাক্সি। তাঁর সৌজন্যে বিশ্বকাপের তৃতীয় দল হিসেবে শেষ চারে জায়গা পাকা করেছে ব্যাগি গ্রিনরা। মঙ্গলবারের ম্যাক্সওয়েলের ইনিংস স্মরণ করিয়েছে ১৯৮৩ সালের কপিল দেবের ইনিংসকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭৫ রান করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। মঙ্গলবার সব কিছুকে ছাপিয়ে গিয়েছেন আইপিএলে বিরাটের সতীর্থ। সেই সঙ্গে একদিনের বিশ্বকাপে নয়া ইতিহাস লিখলেন তিনি। সেই ইতিহাসের সাক্ষী থাকল মুম্বইয়ের ওয়াংখেড়ে। কী কী নজির গড়লেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার? একনজরে দেখে নেওয়া যাক…

আরও পড়ুন    পর্যটন ব্যবসার আড়ালে মানব পাচারের অভিযোগে বারাসাতে এনআইএ-র হানা, গ্রেফতার ১

১. অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ রান ছিল শেন ওয়াটসনের। ২০১১ সালে ১৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ওয়াটসন। মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে সেই বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ওয়াটসন। তবে মঙ্গলবার সেই রেকর্ড ভেঙে দিলেন ম্যাক্সওয়েল। এই মুহূর্তে একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যক্তিগত সর্বোচ্চ রানের অধিকারী গ্লেন ম্যাক্সওয়েল।

২. আন্তর্জাতিক একদিনের ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিশত রান করা প্রথম ব্যাটার হলেন গ্লেন ম্যাক্সওয়েল। ওয়াংখেড়েতে আফগানিস্তানের বিরুদ্ধে ১২৮ বলে ২০১ রান করলেন ম্যাক্সি।

৩. পুরুষদের একদিনের বিশ্বকাপে দ্বিশত রানের নজির ছিল দুজনের। একজন ওয়েস্টইন্ডিজের ক্রিস গেইল। ২১৯ রান করেছিলেন তিনি। দ্বিতীয় জন মার্টিন গাপ্টিল। কিউয়ি ব্যাটারের ব্যাট থেকে এসেছিল ২৩৭ রান। তবে তাঁরা দু-জনই প্রথমে ব্যাট করে দ্বিশত রান করেছিলেন। রান তাড়া করে দ্বি শতরান করা প্রথম ক্রিকেটার ম্যাক্সওয়েল।

৪. মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে ৯৩ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকে দলের হাল ধরেন ম্যাক্সওয়েল ও কামিন্স। অষ্টম উইকেটে ২০২ রানের অপরাজিত জুটি গড়েন দুজনে। সপ্তম উইকেট কিংবা লোয়ার অর্ডারে যা সর্বোচ্চ। যদিও এই ইনিংসের সিংভাগটাই আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। প্যাট কামিন্সের অবদান মাত্র ১২। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের জস বাটলার-আদিল রশিদের। তাঁরা ১৭৭ রান করেছিলেন।

৫. আইসিসি বিশ্বকাপের মঞ্চে এই প্রথম এত বড় রান তাড়া করে জিতল অস্ট্রেলিয়া। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮৭ রান তাড়া করে জিতেছিল অজিরা। মঙ্গলবার সেই রেকর্ড ভেঙে গেল। ২৯১ রান তাড়া করে জিতল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

About Post Author