Home » ১৪ ম্যাচ পর হারের মুখ দেখল মেসির আর্জেন্টিনা

১৪ ম্যাচ পর হারের মুখ দেখল মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ নভেম্বর: টানা ১৪ টি ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল আর্জেন্টিনা (Argentina Football Team)। ২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকা মহাদেশের বাছাই পর্বে উরুগুয়ের বিরুদ্ধে হার বিশ্বচ্যাম্পিয়নদের। বুয়েনাস আয়ার্সে আর্জেন্টিনাকে হারতে হল ০-২ গোলে। উরুগুয়ের হয়ে গোল দুটি করেন রোনাল্ড আরাউহো ও ডারউইন নুনেজ।

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে শেষবার হারের মুখ দেখেছিল আর্জেন্টিনা। এগিয়ে গিয়েও সৌদি আরবের বিরুদ্ধে হারতে হয়েছিল কিছুটা অপ্রত্যাশিতভাবে। তবে তারপর থেকে আর হারের মুখ দেখেননি লিওনেল মেসিররা। ৩৬ বছরের খরা কাটিয়ে জিতেছেন বহু কাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপ। তবে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ধাক্কা খেল বিশ্বজয়ীরা। বিশ্বকাপের বাছাই পর্বে প্রায় ২৫ ম্যাচ পর হারতে হল আর্জেন্টিনাকে।

আরও পড়ুন:মোহনবাগান তারকার গোলে কুয়েতের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের 

পূর্ণ শক্তির দল নিয়ে উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামেন মেসিরা। ম্যাচের শুরু থেকে বিপক্ষের রক্ষণকে চাপে রেখেছিলেন তাঁরা। খেলার ১৪ মিনিটে মেসির দূরপাল্লার শট বিপদমুক্ত করেন উরুগুয়ের গোলরক্ষক। এরপর খেলার ১৬ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান দুই দলের ফুটবলাররা। প্রথমার্ধের ২০ মিনিটে বেশ কয়েকবার বিপজ্জনক হয়ে উঠেছিলেন উরুগুয়ের ফরওয়ার্ড ডারউইন নুনেজ। তবে গোলের দেখা পাননি। খেলার ৩৭ মিনিটে জুলিয়ান আলভারেজের দুরন্ত ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথামরার্ধের সংযুক্তি সময়ে খেলার গতির কিছুটা বিপরীতে গিয়ে এগিয়ে যায় উরুগুয়ে। মাতিয়াস ভিনার ক্রস থেকে দুরন্ত কোনাকুনি শটে আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ পরাস্ত করেন রোনাল্ড আরাউহো। বার্সেলোনার ডিফেন্ডারের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। প্রথমার্ধের শেষে মেসি একটি সুযোগ পেয়েছিলেন তবে তাঁর গোলের প্রচেষ্টা সফল হয়নি।

দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা চালাতে থাকে আর্জেন্টিনা। ৫২ মিনিটে গঞ্জালেজের পরিবর্তে দি মারিয়াকে মাঠে নামান লিওনেল স্কালোনি। ডান প্রান্ত থেকে বেশ কয়েকবার উরুগুয়ের গোলের কাছে পৌঁছেও গিয়েছিলেন দি মারিয়া। তবে খেলার সমতাসূচক গোলের দেখা পাননি। উল্টে খেলার ৮৬ মিনিটে গোল করে উরুগুয়ের জয় নিশ্চিত করেন ডারউইন নুনেজ।

ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করেছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। তিনি বলেছেন, “ উরুগুয়ে আক্রমণাত্মক খেলে আমাদের কাজটা আরও কঠিন করে দেয়। আমরা খুব একটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারিনি। বল বেশিক্ষণ পায়ে রাখা যাচ্ছিল না। শারীরিক শক্তি নির্ভর ফুটবল খেলেই তাঁরা জয় পেয়েছে।”

About Post Author