স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ নভেম্বর: ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও বড় সাফল্য ভারতের। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে কুয়েতের বিরুদ্ধে জয় পেলেন সুনীল ছেত্রীরা। বৃহস্পতিবার কুয়েতকে তাঁদের ঘরের মাঠে হারিয়ে দিল ভারত। খেলার ফল ভারতের পক্ষে ১-০। খেলার ৭৫ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন মোহনবাগান তারকা মানবীর সিং। শুধু জয় নয় এদিন কুয়েতের বিরুদ্ধে যথেষ্ট নজরকাড়া ফুটবল উপহার দিলেন সুনীলরা।

খেলার প্রথমার্ধে ভারতীয় ফুটবলারদের দাপট দেখা গেল। কুয়েতকে প্রথমার্ধে বেশ চাপে রেখেছিলেন সুনীলরা। খেলার ১৯ মিনিটে প্রথম গোলের সুযোগ পায় ভারত। নিখিলের বক্সে পাঠানো ক্রসে শট মারেন সুনীল। প্রথম প্রয়াসের শটে পায়ের সঙ্গে ভালোভাবে বলের সংযোগ না হওয়ায় তা চলে যায় নেটের উপর দিয়ে। শটটি সঠিক জায়গায় রাখলে কঠিন পরীক্ষায় পড়তে পারতেন কুয়েত গোলরক্ষক। প্রথমার্ধে সুনীল, মানবীররা গোলের একাধিক সুযোগ পেয়েছিল। তবে ঘরের মাঠে লড়াই করে গোল দূর্গ অক্ষত রাখতে সক্ষম হয় কুয়েত।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে কুয়েত। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার ২ মিনিটের মধ্যে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। আল হাজরাকের নেওয়া ফ্রিকিকে হেড করেন আল হাজেরি। বল নেটের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। খেলার ৬৪ মিনিটে মহেশের পরিবর্তে ছাংতেকে মাঠে নামান ভারতের কোচ। মাঠে নামার ১১ মিনিটের মধ্যে দলকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল এই ফুটবলারের। কুয়েতের একজন ডিফেন্ডারকে অবলীলায় অতিক্রম করে বাঁ দিক থেকে ক্রস করেন ছাংতে। কুয়েতের দুই ডিফেন্ডার তখন মনবীরকে নজরে রেখেছেন। তবে মোহনবাগান তারকা বাঁ পায়ের শট করে পরাস্ত করে বিপক্ষের ফুটবলার ও গোলরক্ষককে। বল জড়িয়ে যায় জালে। ১-০ গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে গোল শোধের আর কোনও সুযোগ তৈরি করতে পারনি কুয়েত। বরং দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে দ্বিতীয় হলুদ কার্ড, ও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাতারের ফুটবলার ফইজল জায়েদ আল হারবি। ৩ পয়েন্ট সংগ্রহ করেই এদিন মাঠ ছাড়লেন সুনীল ছেত্রীরা। সেইসঙ্গে তারা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল। পাশাপাশি আগামী ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে আরও একধাপ এগোল ইগর স্টিমাচের ছেলেরা।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান