Home » রোনাল্ডোর ডায়েট প্রস্তুত করেন নাসার বিজ্ঞানীরা, রাজার মন্তব্যে শোরগোল

রোনাল্ডোর ডায়েট প্রস্তুত করেন নাসার বিজ্ঞানীরা, রাজার মন্তব্যে শোরগোল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ নভেম্বর: গত কয়েক বছরে পাকিস্তানের ক্রিকেট নিয়ে যত না চর্চা হয়েছে, তার থেকে বেশি চর্চা হয়েছে তাঁদের প্রাক্তনদের মন্তব্য নিয়ে। সেই মন্তব্য তালিকার নবতম সংযোজন রামিজ রাজা। ইদানিং পাকিস্তানের সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর সাক্ষাতকারের একটি অংশ সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে রামিজ রাজাকে বলতে শোনা গিয়েছে, রোনাল্ডোর ডায়েট চার্ট তৈরি করেন নাসার বিজ্ঞানীরা। তিনি দাবি করেছেন পর্তুগিজ তারকা কী খাবেন, সেটা ঠিক করে দেন নাসার বিজ্ঞানীরা।

উপমহাদেশের মাটিতে বিশ্বকাপে ডাহা ব্যর্থ পাকিস্তান। সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। সেদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রাক্তনরা রোজ তোপ দাগছেন বর্তমান ক্রিকেটারদের। সেরকম একটি সংবাদ মাধ্যমে ক্রিকেটারদের খাদ্যাভ্যাস ও ফিটনেস নিয়ে মন্তব্য করতে গিয়ে রোনাল্ডোর প্রসঙ্গ উত্থাপন করেছেন এক সময়ের দাপুটে ব্যাটার। তিনি বলেন, ” রোনাল্ডোর কথাই ধরুন না। ওর যে ডায়েট, সেটা প্রস্তুত করেন নাসার এক বিজ্ঞানী।” এই মন্তব্য তাকে ইতিবাচক প্রচারের থেকে নেতিবাচক প্রচারই দিয়েছে বেশি। নেট-নাগরিকদের হাসির খোরাকের সমস্ত উপাদান এই মন্তব্যে যে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: চেন্নাই সুপার কিংসে ধাক্কা, আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন তারকা অলরাউন্ডার

বিশ্ব ফুটবলে রোনাল্ডো অন্যতম ধ্রুবতারা। তাঁর ফুটবল থেকে শুরু করে রোজকার জীবনযাত্রা অনুসরন করার অনুরাগীর কম নেই। ৩৮ বছরে যেরকম পেটানো শরীর ধরে রেখেছেন প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়েল মাদ্রিদ, জুভেন্টাস তারকা, তা রীতিমত ক্রীড়া ব্যক্তিত্বদের ঈর্ষার কারণ।রোজ পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম জাতীয় খাবার খান তিনি। তার সঙ্গে দুইবেলা জিম ও মাঠে অক্লান্ত পরিশ্রম করেন। একজন আদর্শ ক্রীড়া ব্যক্তিত্ব হতে গেলে যা যা কঠিন নিয়ম ও শর্ত মেনে চলা সম্ভব প্রত্যেকটি করেন রোনাল্ডো। তবে নাসার বিজ্ঞানীরা যে নিজেদের বিজ্ঞান সাধনাকে জলাঞ্জলি দিয়ে পুষ্টিবিদের কাজ করবে না, একথা রামিজেরও বোধহয় অজানা নয়। তবু কেন যে তিনি এরকম আলটপকা মন্তব্য করে নিজেকে হাসির খোরাক করে তুললেন কে জানে!

About Post Author