Home » মারাকানা কাণ্ডের জের, শাস্তির মুখে ব্রাজিল

মারাকানা কাণ্ডের জের, শাস্তির মুখে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ নভেম্বর: একেই বুঝি বলে মরার উপর খাড়ার ঘা। ফুটবল মাঠে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। গত তিনটি খেলায় দেখতে হয়েছে হারের মুখ। গত ম্যাচে হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধেও। তারমধ্যে দলে রয়েছে একাধিক চোট সমস্যা। চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছেন নেইমার, ভিনিসিয়াস জুনিয়র -সহ প্রথম দলের একাধিক তারকা। তারমধ্যে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচে গ্যালারিতে হওয়া ঝামেলার তদন্তের পথে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। মারাকানা কাণ্ডের জেরে দোষী সাব্যস্ত হলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে নেইমারের দেশকে।

ব্রাজিলের ঐতিহ্যশালী রিও ডি জেনেইরোতে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এই খেলায় গ্যালারিতে ছড়ায় উত্তেজনা। ঘটনার সূত্রপাত জাতীয় সংগীতের সময়। অভিযোগ ব্রাজিল সমর্থকরা সেই সময় কটূক্তি করেন। প্রতিবাদ করলে আর্জেন্টিনার সমর্থকদের উপর আক্রমণ করেন ব্রাজিল সমর্থকরা। এরপর আর্জেন্টিনা সমর্থকদের উপর লাঠিচার্জ করে ব্রাজিল পুলিশ। এই ঘটনায় আহত হন অনেক সমর্থক। প্রতিবাদে দল নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

আরও পড়ুন    স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন লোভনীয় স্বাদের আড় মাছের তাওয়া ফ্রাই

নির্ধারিত সময়ের আধাঘন্টা পর খেলা শুরু হয়। মাঠে যদিও জয় পান মেসিরাই। গোল করে বিশ্বচ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন নিকোলাস ওটামেন্ডি।ম্যাচ শেষে আর্জেন্টিনা সমর্থকদের লাঠিচার্জের প্রতিবাদে সরব হন স্বয়ং মেসি। তিনি বলেন, “ জয় পেয়ে আনন্দ হচ্ছে। তবে দিনটি মনে থাকবে স্টেডিয়ামে আমাদের সমর্থকদের নিগ্রহের জন্য।” ফুটবল মাঠে হিংসার জায়গা নেই। ব্রাজিলের উদ্দ্যেশ্যে কড়া বার্তা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এরপর ঘটনার তদন্ত শুরু করে ফিফা। তদন্তে দোষী সাব্যস্ত হলে ব্রাজিল ফুটবলের অন্য আরও খারাপ খবর অপেক্ষা করছে।

About Post Author