Home » গণনার একদিন আগেই উধাও বৈদ্যুতিক ভোট মেশিন, ষড়যন্ত্রের দাবি কংগ্রেসের

গণনার একদিন আগেই উধাও বৈদ্যুতিক ভোট মেশিন, ষড়যন্ত্রের দাবি কংগ্রেসের

সময় কলকাতা ডেস্ক, ১ ডিসেম্বর: গণনার একদিন আগেই উধাও বৈদ্যুতিক ভোট যন্ত্র। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রাজস্থানের যোধপুরে। ঘটনার জেরে নিলম্বিত সংশ্লিষ্ট জেলার ভারপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক। ইতিমধ্যে ঘটনার পিছনে চক্রান্ত থাকতে পারে বলে সুর চড়িয়েছে কংগ্রেস।

গত ২৫ নভেম্বর বা শনিবার ছিল রাজস্থানে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রবিবার অর্থাৎ ভোট গ্রহণের ২৪ ঘন্টা পর খোয়া যায় একটি ইভিএমের কন্ট্রোল ইউনিট। তবে ভোট গ্রহণ প্রক্রিয়ায় ওই বৈদ্যুতিক ভোট যন্ত্রটি ব্যবহার করা হয়নি। এক নির্বাচনী আধিকারিক পঙ্কজ জাখরের গাড়িতে রাখা ছিল যন্ত্রটি। সেখান থেকেই গণনার একদিন আগেই ইভিএমটি হারিয়ে যায়। ঘটনার পর স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে পুলিশ। এরপর নির্বাচনী বিধি মেনে নির্বাচন কমিশন নিলম্বিত করেছে পঙ্কজকে।

আরও পড়ুন: হেনরি কিসিঞ্জার : ইন্দিরার ভারতের শত্রু, মোদীর প্ৰিয় ব্যক্তিত্ব!

প্রসঙ্গত, রাজস্থানে এবার কাঁটায় কাঁটায় টক্কর কংগ্রেস-বিজেপির মধ্যে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় মিলেছে সেই ইঙ্গিত। মরু রাজ্যে মোট ২০০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ভোটগ্রহণ হয় ১৯৯টি কেন্দ্রে। একটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।

আরও পড়ুন: OPTICAL ILLUSIONS: নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

প্রায় তিন দশক ধরে পাঁচ বছর অন্তর সরকার বদল প্রথা হয়ে গিয়েছে রাজস্থানে। সে কেন্দ্রে যেই দলই ক্ষমতায় থাকুক। যদি প্রথা বজায় থাকে তাহলে এবার রাজস্থানে ফুটতে চলেছে পদ্ম ফুল। অপরদিকে যদি প্রথা ভাঙতে পারেন রাজস্থানের বিদায়ী মুখ্যমন্ত্রী অশোক গেহলত। তবে তা লোকসভার আগে কংগ্রেসকে বাড়তি অক্সিজেন জোগাবে সেবিষয়ে কোনও সন্দেহ নেই। লোকসভা নির্বাচনের আগে যা বিজেপির কাছে বড় ধাক্কা হবে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। এখন জল কোনদিকে গড়াবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী রবিবার পর্যন্ত।

About Post Author