স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ ডিসেম্বর: রাজ্যের ফুটবল সংস্থা বা আইএফএ-র সঙ্গে নজিরবিহীন সংঘাত মোহনবাগান সচিবের (Mohun Bagan Secretary)। বৃহস্পতিবার ছিল কলকাতা প্রিমিয়ার ডিভিসনের ডার্বি। তবে ওই ম্যাচে ইস্টবেঙ্গল দল নামালেও, মোহনবাগান নামায়নি। ফলে এক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। ওয়াকওভার পেয়ে যায় লাল-হলুদ। দল না নামানোর শাস্তি হিসেবে তিন পয়েন্ট কাটা যেতে পারে মোহনবাগানের। সে ক্ষেত্রে কলকাতা লিগে দ্বিতীয় হবে ইস্টবেঙ্গল। পরিত্যক্ত ডার্বি ঘিরে ক্ষোভে ফুঁসছে মোহনবাগান। এবার আইএফএকে তুলোধনা করলেন ক্ষুব্ধ মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। পাশাপাশি ম্যাচ না খেলেই ৩ পয়েন্ট পাওয়া নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকেও কটাক্ষ করেছেন তিনি।

পরিত্যক্ত ডার্বি নিয়ে বৃহস্পতিবার সন্ধেয় রীতিমতো বোমা ফাটিয়েছেন দেবাশিস দত্ত। “আইএফএ বলছে তারা নাকি ডার্বি আয়োজন করার জন্য প্রস্তুত ছিল? যদি তাই হবে তাহলে ম্যাচটার টিকিটই ছাপা হল না কেন?” প্রশ্ন মোহনবাগান সচিবের। তিনি আরও অভিযোগ করেন, “কীসের কলকাতা লিগ, কীসের পয়েন্ট, কার পয়েন্ট, আইএফএ তো দেখছি ফুটবলটা তুলে দেবে।” কলকাতা লিগের ডার্বিতে দল না নামানোয় শাস্তির মুখে পড়তে হতে পারে মোহনবাগানকে। বৃহস্পতিবার সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল আইএফএ সচিবের কথায়। সেই প্রসঙ্গেও বেশ আক্রমণাত্মক বাগান সচিব। তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দম থাকে মোহনবাগানকে বাদ দিয়ে কলকাতা লিগ, শিল্ড করে দেখাক আইএফএ। আমি চ্যালেঞ্জ করছি।” তিনি আরও বলেন, “একটা ব্যাপার পরিষ্কার। বাংলার ফুটবলকে যারা ভালোবাসে, তারা আমাদের ডার্বি না খেলার সিদ্ধান্তকে সমর্থন করবে। বারবার বলেছি, আমাদের নির্ধারিত সময়ের মধ্যে ডার্বিটা দিতে। ফোনেও কথা হয়েছে এ নিয়ে। কিন্তু আইএফএ সেই কথায় কর্ণপাত করেনি।” আইএফএ যারা চালাচ্ছে তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন মোহন কর্তা।
Debashish Dutta : "Let's see if IFA has the guts to organize a tournament without Mohun Bagan" pic.twitter.com/Dkh4M2h0fm
— Mohun Bagan Hub (@MohunBaganHub) November 30, 2023
আরও পড়ুন: পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের
শুধু আইএফএ নয়। এদিন দেবাশিস দত্ত কটাক্ষ করতে ছাড়েননি ইস্টবেঙ্গলকেও। তিনি বলেন, “খারাপ লাগছে ওই ক্লাবটার কথা চিন্তা করে। ডার্বি না খেলেই নাকি রানার্স হবে? আমি হলে তো বলতাম, কবে মোহনবাগানের প্রস্তাবিত দিনেই খেলব।” আরও একধাপ এগিয়ে দেবাশিসের অভিযোগ, “একটা ব্যাপার কারুর নজরে পড়ছে না। কলকাতা লিগ চলাকালীন এআইএফএফের টুর্নামেন্ট ছাড়া অন্য কিছু খেলা যায় না। খেললেও গভর্নিং বডির সিদ্ধান্ত নিয়ে খেলতে হয়। তাহলে ইস্টবেঙ্গল কী করে ইন্ডিপেন্ডেন্স কাপ খেলল? আমি গভর্নিং বডির সদস্য হয়ে বলছি এ নিয়ে তো মিটিং হয়নি!” বৃহস্পতিবার ডার্বি না হওয়ায় হতাশ ছিলেন সমর্থকদের একাংশ। তবে বল দখলের লড়াইয়ের উত্তাপ না দেখা গেলেও, বাকযুদ্ধের উত্তাপ থেকে সমর্থকদের বঞ্চিত করলেন না মোহনবাগান সচিব।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার