Home » ষাঁড়ের গুঁতোয় প্রাণ গেল মার্কসবাদী নেতার

ষাঁড়ের গুঁতোয় প্রাণ গেল মার্কসবাদী নেতার

সময় কলকাতা ডেস্ক, ২ ডিসেম্বর : বঙ্গের কাহিনী নয় – সাগরপারের বৃত্তান্ত যেখানে ঘেরাটোপ আর রিংয়ের মধ্যে তাড়া করে নিয়ে যাওয়া হয় ষাঁড়কে । সামনে ধরা হয় একটি লালসালু বা পতাকা। সেটি দেখলেই ষাঁড় ক্ষেপে যায় এবং গুঁতো মারতে ছুটে আসে। আর এরকম কার্যকারণে প্রাণ যায় অনেকক্ষেত্রে। স্পেনে ষাঁড়দের যারা খেপিয়ে তোলেন তাঁদের নাম মাতাদোর। স্পেনে বুল ফাইটিং জনপ্রিয় খেলা হলেও বঙ্গে ষাঁড়ের তাড়া কোনও বিনোদনের বিষয় নয় বরং প্রবল আতঙ্কের। বর্ধমানের মানুষ বিশেষত কাটোয়া জুড়ে ষাঁড় রাতের ঘুম কেড়েছে সাধারণ মানুষের। কারণ এখানের মানুষদের কেউই স্পেনের বুল ফাইটার মাতাদোর নন। ষাঁড়কে ক্ষ্যাপাতে হচ্ছে না, প্ররোচনার অবকাশই নেই! দিবা দ্বিপ্রহরে প্রকাশ্য রাস্তায় ষাঁড় মাঝে মাঝে ঢু মারতে ছুটে আসছে , আর এফোঁড় ওফোঁড় করে দিচ্ছে মানুষকে। কাটোয়ায় আতঙ্কের অন্য নাম ষাঁড়। এবার ষাঁড়ের বলি হলেন কাটোয়ার এক মার্কসবাদী নেতা। জনপ্রিয় মার্কসবাদী নেতার মৃত্যুতে শোকের ছায়া শহর জুড়ে।

সূত্রের খবর,ষাঁড়ের গুঁতোয় কাটোয়ায় প্রাণ গেল নিরীহ মানুষের। নিহত বদরে আলম চৌধুরী একজন বিশিষ্ট রাজনৈতিক ও তাত্ত্বিক নেতাও বটে।  শুক্রবার ষাঁড়ের গুঁতোয় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। গভীর রাতে মৃত্যু হয় বদরে আলম চৌধুরীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তায় ষাঁড়ের গুঁতোয় আহত হয়েই প্রাণ হারান বিশিষ্ট মার্কসবাদী দার্শনিক বদরে আলম চৌধুরী ।তিনি ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটে লাইব্রেরি যাচ্ছিলেন এমন সময়একটি ষাঁড় তাকে আচমকা সিং দিয়ে গুঁতো মারে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন, তখন ঐ এলাকার ব্যবসায়ী ও পথচলতি লোকজন তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়। কাটোয়া শহরের বাসিন্দারা বলেন যে, তিন – চারটি ষাঁড়ের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, আগেও কয়েক জন আহত হয়েছেন ষাঁড়ের গুঁতোয়, এবার প্রাণ গেল মার্কসবাদী নেতার।

কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীর কুমার সাহা টেলিফোনে বলেন, ষাঁড়দের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তিনি বলেন, জরুরী কালীন ভিত্তিতে, শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। মানুষ পরিত্রাণ খুঁজছে।।

আরও পড়ুন : OPTICAL ILLUSIONS: নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

About Post Author