Home » কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতিকাণ্ডে দুই বিজেপি বিধায়ককে তলব সিআইডির

কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতিকাণ্ডে দুই বিজেপি বিধায়ককে তলব সিআইডির

সময় কলকাতা ডেস্ক, ২ ডিসেম্বরঃ শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ দুর্নীতির মাঝেই এবার কল্যাণী এইমসের নিয়োগে বেনিয়মের অভিযোগ। কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই তদন্তের স্বার্থে দুই বিজেপি বিধায়ককে তলব করেছে সিবিআই। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ ও বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে ভবানী ভবনে তলব করা হয়েছে বলেই সূত্রের খবর। আগামী ৪ ডিসেম্বর বিধায়ক বঙ্কিম ঘোষকে তলব করা হয়েছে। অন্যদিকে, ৫ ডিসেম্বর, মঙ্গলবার বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে তলব করেছে সিবিআই। দুজন বিধায়ককেই দুপুর ১২টার সময় সিআইডি অফিসে হাজিরার জন্য বলা হয়েছে। এর আগেও সিআইডি অফিসারদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বিজেপির এই দুই বিধায়ক। প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। তদন্তে নেমে সিআইডি অফিসাররা বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার বাড়িতেও গিয়েছিলেন। তদন্তের স্বার্থে বিধায়ক-কন্যা মৈত্রী দানার সঙ্গে কথাও বলেছিলেন তাঁরা।

আরও পড়ুন   কলকাতা ডার্বিকে কেন্দ্র করে সংঘাত চরমে, আইএফএ-র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মোহনবাগানের

এর আগে গত বছরই কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতি মামালায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে তলব করেছিল সিআইডি। গত কয়েকমাস ধরেই এই মামলার তদন্ত চলছে। অভিযোগ,বিধায়ক নীলাদ্রিশেখরের মেয়ে মৈত্রী দানার নিয়োগে দুর্নীতি হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছিল সিআইডি। এ বিষয়ে মৈত্রীকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। এই একই মামলায় বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসুয়া ঘোষের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছিল। গত বছর ১ এপ্রিল,কল্যাণী এইমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটরের পদে মাসিক ৩০ হাজার টাকা বেতনের চাকরি পান মৈত্রী। কল্যাণী থানায় এই দুর্নীতি নিয়ে অভিযোগ দায়ের করেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। বিধায়ক কন্যার নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করেন তারা।

মৈত্রী যেহেতু বিজেপি বিধায়কের মেয়ে সেই কারণে তাঁকে কোনও পরীক্ষাই দিতে হয়নি। এমনকী অভিযোগ ওঠে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের সুপারিশেই মৈত্রীকে নিয়োগ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই কিছুদিন আগে মৈত্রীকে তলব করেছিল সিআইডি। কিন্তু, সেসময় তিনি হাজিরা দেননি। এরপর ফের তাঁকে যখন হাজিরা দিতে বলা হয়েছিল, তখন হাজিরার জন্য তদন্তকারীদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলেন মৈত্রী। পরে সিআইডির তদন্তকারীরা নীলাদ্রিশেখরের বাঁকুড়ার বাড়িতে গিয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল। এবার আগামী সপ্তাহে ফের কল্যাণী এইমস নিয়োগ মামলায় ভবানী ভবনে সিআইডির অফিসে তলব করা হল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদহের বাঁকুড়ার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে।

About Post Author