Home » বিশ্বচ্যাম্পিয়নদের দেশে গিয়ে চরম দুর্ভোগের শিকার পাকিস্তান ক্রিকেট দল

বিশ্বচ্যাম্পিয়নদের দেশে গিয়ে চরম দুর্ভোগের শিকার পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ২ ডিসেম্বর: উপমহাদেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপে হতাশ করেছে পাকিস্তান ক্রিকেট দল। সেই তিক্ত স্মৃতি ভুলে নতুন মরশুম শুরু করতে চলেছেন বাবররা।ভাগ্যের চাকা ঘোরাতে অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন তাঁরা। বিশ্বচ্যাম্পিয়নদের মাটিতে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। তবে অসিদের ভূমিতে বাবরদের স্বাগতটা খুব একটা সুখকর হল না। শুক্রবার সিডনি বিমানবন্দরে পৌঁছনোর পর পাকিস্তান ক্রিকেট দলের প্লেয়ারদের দেখা গেল নিজেদের মালপত্র নিজেদেরই ট্রাকে তুলতে। সেখানে দেখা যায় নি দুই দেশের কোনও ক্রিকেট কর্তাকে। এক কথায় অস্ট্রেলিয়া সফরে গিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হল পাকিস্তান ক্রিকেট দলকে।

১৭ সদস্যের দল নিয়ে অস্ট্রেলিয়ে সফরে গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। আগামী  ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে সেই সিরিজ। লাহোর বিমানবন্দর থেকে দুবাই হয়ে শুক্রবার সিডনি পৌঁছন বাবররা। এপর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। তবে সিডনিতে নামার পর বিপাকে পড়লেন তাঁরা। সিডনি বিমানবন্দরে বাবরদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন না কোনও পাক কর্তা। এমনকি আয়োজক দেশের পক্ষ থেকেও কাউকে সেখানে দেখা যায়নি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিমানবন্দর থেকে বেরনোর পর নিজেদের লাগেজ নিয়ে কন্টেনার ট্রাকের দিকে যাচ্ছেন পাক ক্রিকেটাররা। শুধু তাই নয় ওই ট্রাকে লাগেজ তুলতেও দেখা যায় বাবরদের। সাধারণত যেই দৃশ্য বিরল। এসব কাজ করার জন্য আলাদা লোক থাকে। পাকিস্তানের ক্ষেত্রে সেটা দেখা যায়নি।

আরও পড়ুন: প্রত্যাবর্তনে পাখির চোখ ফেরান্দোর, শনিবার আইএসএলে নামার আগে চাপে মোহনবাগান

সঠিক নিয়মটি আসলে কী? সাধারণত, অতিথি দেশকে আপ্যায়নের দায়িত্ব থাকে আয়োজক দেশের উপর। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার দায়িত্ব পাকিস্তান ক্রিকেট দলকে বিমানবন্দরে স্বাগত জানানোর। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া বোর্ডের পক্ষ থেকে গাড়ি পাঠালেও, মাল বহনের লোক পাঠায়নি। এক্ষেত্রে দায় এড়াতে পারেন না পাক দলের মিডিয়া ম্যানেজার। কারণ বিষয়টির উপর নজর দেওয়া তাঁরও উচিৎ ছিল। পাশাপাশি  পাকিস্তান দূতাবাসের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। পাক দলকে স্বাগত জানাতে দূতাবাসের পক্ষ থেকেও বিমানবন্দরে কাউকে দেখা যায়নি।

একদিন বিশ্রাম নিয়ে ৩ ডিসেম্বর থেকে সিরিজের প্রস্তুতি শুরু করবে পাকিস্তান। ১৯৯৫ সালে শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল পাকিস্তান। পাকিস্তান টেস্ট ক্রিকেটের নয়া নেতা শন মাসুদের নেতৃত্বে এবার সেই খরা কাটাতে পারবে পাক শিবির? অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

About Post Author