স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ ডিসেম্বর: একমাসের দীর্ঘ বিরতির পর ইন্ডিয়ান সুপার লিগে মাঠে নামছে মোহনবাগান। শনিবার আইএসএলে নামার আগে সবুজ মেরুনের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। ঘরের মাঠে এএফসি কাপে নিজেদের শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে হজম করতে হয়েছে পাঁচ গোল। ওই ম্যাচই কার্যত এশিয়া কাপ জয়ের স্বপ্নও শেষ করে দিয়েছে বাগানের। পাঁচ গোল হজম করে ফুটবলারদের মনোবল গিয়ে ঠেকেছে একদম তলানিতে। সভ্য সমর্থক থেকে প্রাক্তন ফুটবলারদের সমালোচনার মুখে পড়তে হয়েছে বাগানের স্প্যানিশ হেডস্যারকে। এই পরিস্থিতিতে একটি জয় বদলে দিতে পারে গোটা পরিস্থিতি। তাই শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে প্রত্যাবর্তনকে পাখির চোখ করছেন জুয়ান ফেরান্দো। তবে শনিবার মাঠে নামার আগে বেশ চাপে রয়েছে গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। কেন? দেখে নেওয়া যাক-
আরও পড়ুন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, কলকাতা সহ উত্তরবঙ্গের কিছু অঞ্চল
এখনও পর্যন্ত চলতি ইন্ডিয়ান সুপার লিগে অপ্রতিরোধ্য মোহনবাগান। চারটি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে জুয়ান ফেরান্দোর ছেলেরা। ১২ পয়েন্ট পেয়ে রয়েছে লিগ তালিকার তৃতীয় স্থানে। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে কেরালা ব্লাস্টার্স। অর্থাৎ মোহনবাগান আগামী দু’টি ম্যাচ জিতলেই চলে যাবে শীর্ষ স্থানে। আর বাকি ম্যাচগুলির সব ক’টি জিতলে এগিয়ে যাবে বেশ কয়েক কদম। তাই অতীত ভুলে ভবিষ্যতে মনোনিবেশ করতে চাইছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। এই মাসে মোট ছ’টি ম্যাচ খেলতে হবে বাগানকে। তবে গত দুটি ম্যাচে হার ও দলের একাধিক তারকার চোট আঘাত চিন্তায় রেখেছে বাগান কোচকে।

ডুরান্ড কাপে জয় দিয়ে মরশুম শুরু করেছিল মোহনবাগান। আইএসএল ও এএফসি কাপেও শুরুটা খারাপ করেনি। তবে এএফসি কাপের শেষ দুটি ম্যাচে বসুন্ধরা কিংস ও ওড়িশার বিরুদ্ধে হেরে ছিটকে গিয়েছে প্রতিযোগিতা থেকে। সেই ধাক্কা সামলিয়ে আইএসএলে ঘুরে দাঁড়াতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড। শনিবার তাদের সামনে হায়দরাবাদ এফসি। এই মরশুমে সাতটি ম্যাচ খেললেও একটিতেও জিততে পারেনি তারা। পয়েন্ট তালিকায় রয়েছে তলানিতে। যদিও প্রতিপক্ষকে সমীহ করছেন বাগান কোচ। তিনি বলেন, “কেরলের বিরুদ্ধে ভাল ফুটবল খেলেছে হায়দরাবাদ। একটা সামান্য ভুলে গোল খেয়ে যায়। চেন্নাইয়িনের বিরুদ্ধেও জেতার সুযোগ পেয়েছিল ওরা। গত দুটো ম্যাচে প্রত্যাশা মত খেলতে পারেনি। তবে ওদের দল ভাল। ম্যাচটা আমাদের পক্ষে কঠিন হতে পারে। আইএসএলে অ্যাওয়ে ম্যাচ সব সময়ই কঠিন।”

হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে মোহন শিবিরের অস্বস্তি বাড়িয়েছে চোট আঘাত। মরশুমের শুরুতে জাতীয় দলে খেলার সময় চোট পান আশিক কুরুনিয়ন। আশিকের পর চোট পান আনোয়ার আলিও। তাঁর মাঠে ফেরা নিয়েও কোনও নিশ্চয়তা নেই। ফর্মে থাকা মনবীরও চোট পেয়ে ছিটকে গিয়েছেন দল থেকে। চোট রয়েছে অস্ট্রেলীয় স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতসেরও। ফলে প্রথম দলের একাধিক ফুটবলারকে ছেড়ে দল সাজাতে হচ্ছে মোহন কোচকে। মাঠে নামার আগে সবুজ মেরুন কোচ জানিয়ে দেন, যারা সুস্থ রয়েছেন তাঁদের নিয়ে দল তৈরি করবেন তিনি। চোট আঘাত ফুটবলের অঙ্গ বলেও মনে করেন ফেরান্দো। কারা মাঠে নামতে পারবেন সেটা জানা যাবে খেলা শুরু হওয়ার ২-৩ ঘন্টা আগে। দলের স্ট্রাইকারদের ধারাবাহিকতার অভাবও চিন্তায় রেখেছে মোহন শিবিরকে। গত দু’ম্যাচে মাত্র তিন গোল দিয়েছে মোহনবাগান। জেসন কামিংস, আর্মান্দো সাদিকুরা গোলের মধ্যে নেই। ধারাবাহিকতার অভাব রয়েছে ভারতীয় ফুটবলারদের মধ্যেও। যদিও ব্যক্তি নির্ভর ফুটবলে বিশ্বাসী নন মোহন কোচও। তিনি বলেন, “একজনের ওপর দায়িত্ব কখনওই থাকে না। আমরা আক্রমণ তৈরি করছি। দলের স্ট্রাইকারের কাজ জায়গা তৈরি করে আক্রমণ করা। কে গোল করল, সেটা বড় কথা নয়।”


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান