Home » মোহনবাগান-ইস্টবেঙ্গলে খেলা ফুটবলার এবার গোল করলেন রাজনীতির ময়দানে

মোহনবাগান-ইস্টবেঙ্গলে খেলা ফুটবলার এবার গোল করলেন রাজনীতির ময়দানে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ ডিসেম্বর: ফুটবলের ময়দান থেকে রাজনীতির ময়দানে আসার ঘটনা নতুন নয়। অতীতে প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাইচুং ভুটিয়া,  দীপেন্দু বিশ্বাস, ইউজেনসন লিংডো বা সোমাতাই সাইজারা রাজনীতির ময়দানে পা রেখেছেন। এমনকি বর্তমান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও রাজনীতির ময়দানে লড়েছেন। এবার রাজনীতির জুতোয় পা গলালেন জেজে লালপেকলুয়া। সম্প্রতি হওয়া মিজোরাম রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন কলকাতার দুই প্রধানে খেলা প্রাক্তন এই ফুটবলার। সোমবার ফল গনণার পর দেখা যায় রাজনীতিতে শুধু পদার্পণ করেননি জেজে। সুযোগ সন্ধানী ফরওয়ার্ডের মত বিপক্ষের রক্ষণভেদ করে গোলও করেছেন। জোরাম পিপলস মুভমেন্ট দলের হয়ে দক্ষিণ টুইপুই বিধানসভা থেকে জয়ী হয়েছেন তিনি। বিপক্ষের শক্তিশালী এমএনএফ নেতা ডক্টর আর লালথাংলিয়ানাকে পরাস্ত করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন স্ট্রাইকার।

মিজ়োরামের বিধানসভা ভোটের ফলাফল গণনা হয় সোমবার । যেখানে এবার প্রথমবারের জন্য প্রার্থী হয়েছিলেন জেজে লালপেকলুয়া।ফল ঘোষণার পর দেখা যায় ময়দান কাঁপানো জেজে গোল করেছেন রাজনীতির ময়দানে নেমেই। বিদায়ী সরকারের স্বাস্থ্যমন্ত্রী তথা মিজ়ো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী আর লালথাংলিয়ানাকে হারিয়েছেন তিনি। ১৩৫ ভোটে হারিয়েছেন জ়োরাম পিপল্‌স মুভমেন্টের (জেডপিএম) প্রার্থী জেজে। লালথাংলিয়ানার প্রাপ্য ভোট ৫৩৩৩টি। সেখানে জেডপিএম প্রার্থী জেজে পান ৫৪৬৮টি ভোট। এই আসনের তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তাদের প্রার্থী সি লালডিনলুয়াঙ্গা পেয়েছেন ২৯৫৮টি ভোট। রাজনীতির ময়দানে নবাগত জেজে জানিয়েছেন, “ফুটবল ও রাজনীতি আলাদা নয়। ছোট থেকে আমাদের সেখানেও জিততে হয়েছে। লড়াই জিতে উপরের স্তরে উঠতে হয়। ক্লাবের কর্তাদের রাজনীতিকেও হারাতে হয়।  ফুটবল মাঠে অনেক বেশি চাপ নিতে হয়েছিল। অনেক বেশি লড়াই করতে হয়েছিল। ভোটের ময়দানে সেই চাপ নিতে হয়নি।”

আরও পড়ুন: টি টোয়েন্টি সিরিজ : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পরে দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথম দল চয়ন করাই সমস্যা

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পেশাদার ফুটবল থেকে অবসর নেন জেজে লালপেকলুয়া। মিজ়োরামের ইতিহাসে অন্যতম সফল ফুটবলার। দেশের হয়ে ৫৬টি ম্যাচ খেলেছেন। করেছেন ২৩টি গোল। পুণে এফসি-র অ্যাকাডেমি থেকে পেশাদার ফুটবলে হাতেথরি। পুণে এফসি, ইন্ডিয়ান অ্যারোজ়ের পর খেলেছেন গোয়ার ডেম্পোর হয়ে। ডেম্পো থেকে চলে আসেন কলকাতায়। কলকাতা ময়দানের অন্যতম প্রধান ক্লাব মোহনবাগানে। সবুজ-মেরুন জার্সিতে জেতেন আই লিগ। মোহনবাগান থেকেই লোনে যোগ দেন আইএসএলের ক্লাব চেন্নাইয়িনে। দক্ষিণ ভারতের দলের হয়ে দুটি আইএসএল খেতাব জেতেন। চোটের কারণে দীর্ঘদিন খেলতে পারেননি। শেষবার কলকাতার অন্যতম প্রধান ইস্টবেঙ্গলের হয়েও খেলেছেন। ক্রমাগত চোটে ভুগতে থাকার কারণেই চলতি বছরে অবসর নিয়েছিলেন জেজে। একটা সময়ে তাকে বলা হত ভারতীয় ফুটবলে বাইচুং ভুটিয়া ও সুনীল ছেত্রীর উত্তরসূরী। জেজের আগে রাজনীতিতে এসেছিলেন বাইচুং। তবে অভিষেকে নির্বাচনে জিততে পারেননি তিনি। সেই কাজটি করে দেখালেন জেজে।

About Post Author