Home » ISL2023-24: ক্লেইটন ও নন্দের জোড়া গোল, নর্থ ইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

ISL2023-24: ক্লেইটন ও নন্দের জোড়া গোল, নর্থ ইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ ডিসেম্বর: ইন্ডিয়ান সুপার লিগে চার ম্যাচ পর অবশেষে কাঙ্ক্ষিত জয় পেল ইস্টবেঙ্গল। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে মশালের তেজের কাছে উড়ে যেতে হল নর্থ ইস্ট ইউনাইটেডকে। সোমবার খেলার ফল ইস্টবেঙ্গল দলের পক্ষে ৫-০। কার্লেস কুয়াদ্রাতের দলের হয়ে জোড়া গোল করলেন ক্লেইটন সিলভা ও নন্দকুমার শেখর। অপর গোলটি এল বোরহা হেরেরার পাস থেকে।

বহুদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কারণ এই মরশুমে খাতায় কলমে অনেক শক্তিশালী দল গড়েছে তাদের প্রিয় ক্লাব। ভারতীয় ফুটবলের অন্যতম সফল কোচকে দলের দায়িত্ব দেওয়াও হয়েছে। তবে ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মোহনবাগানকে হারানো ছাড়া আর বিশেষ কিছু করতে পারেনি ইস্টবেঙ্গল। এমনকি চলতি আইএসএলেও একাধিকবার দেখতে হয়েছে হারের মুখ। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোটা দরকার ছিল লাল হলুদের। সোমবার সেই কাজটি করে দেখালেন মহেশ, ক্লেইটন, নন্দ কুমাররা।

যদিও খেলার প্রথম ৬ মিনিট কিছুটা ছটফট করল নর্থ ইস্ট। দুটো ফ্রিকিকও আদায় করে নেয়। তবে গোল হয়নি। এরপর আর স্বাগতিকদের বিশেষ সুযোগ দিল না ইস্টবেঙ্গল। আধুনিক প্রেসিং ফুটবলে ছারখার করে দিল বিপক্ষকে। ১০ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত কলকাতার এই প্রধান। তবে সে যাত্রায় নর্থ ইস্টকে বাঁচিয়ে দেয় তাদের গোলরক্ষক মির্শাদ। তবে গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি ইস্টবেঙ্গলকে। ১৪ মিনিটে গোল করে লাল হলুদকে এগিয়ে দেন বোরহা হেরেরা। পিভি বিষ্ণুর দেওয়া পাস থেকে গোলটি করেন ইস্টবেঙ্গলের ‘বড়দা’। ২০ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন সাউল ক্রেসপো। তবে অল্পের জন্য তা নিশানায় থাকেনি। তবে আক্রমণের ধার বজায় রেখেছিল ইস্টবেঙ্গল। তৃতীয় গোলটি তারই ফসল। ২৪ মিনিটে ব্যবধান ২-০ করেন ক্লেইটন। মন্দাররের ভাসানো ক্রস থেকে হেড করে বল জালে জড়ান লাল-হলুদ অধিনায়ক। প্রথমার্ধে ৫ গোলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। তবে দুটি গোল বাদে বাকি সময়টা গোল নষ্টের প্রদর্শনী করলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। প্রথমার্ধের সংযুক্তি সময়ে খেলার গতির বিপরীতে গিয়ে একটি গোলের সুযোগ পায় নর্থ ইস্ট। তবে দলের পতন আটকে দেন ইস্টবেঙ্গল গোলরক্ষক।

আরও পড়ুন: মোহনবাগান-ইস্টবেঙ্গলে খেলা ফুটবলার এবার গোল করলেন রাজনীতির ময়দানে

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এগিয়ে যাওয়ার সুযোগ পায় মশাল বাহিনী। তবে ৫২ মিনিটে লক্ষ্যে বল রাখতে পারেননি মহেশ। এর কিছুক্ষণ পর বিপক্ষের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পান বোরহা। তার পরিবর্তে হোসে পারদোকে নামান লাল-হলুদ কোচ। খেলায় আরও ধার বাড়ে ইস্টবেঙ্গলের। কুয়াদ্রাতের দল এদিন মসৃণ ও দৃষ্টি নন্দন ফুটবল উপহার দিলেন সমর্থকদের। ৬২ মিনিটে আবার গোল পায় ইস্টবেঙ্গল। মহেশের ক্রস থেকে বল ধরে গোল করেন নন্দকুমার। এই গোলের ধাক্কা সমালিয়ে ওঠার আগে নর্থ ইস্টকে ফের ধাক্কা দেন নন্দ। তবে এবার নিজে গোল করলেন না। সতীর্থ ক্লেইটনকে দিয়ে গোল করালেন ডুরান্ড ডার্বি জয়ের নায়ক। ৪-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

৪ গোল হজম করে কার্যত দিশেহারা মনে হচ্ছিল নর্থ ইস্টকে। দলে একাধিক পরিবর্তন করেও দলকে ছন্দে ফেরাতে পারেননি তাদের কোচ জুয়ান পেদ্রো বেনালি। ৮১ মিনিটে নর্থ ইস্টের কফিনে শেষ পেরেক পুঁতে দেয় ইস্টবেঙ্গল। ফের গোল করে দলের জয়ের ব্যবধান ৫-০ করেন নন্দ। এই গোলের বলটি বাড়িয়েছিলেন মহেশ। খেলা শেষ হওয়ার কিছু সময় আগে একটি গোল শোধের সুযোগ পায় নর্থ ইস্ট। তবে চাপের মুখে সেটিও নষ্ট করে তারা।

চলতি আইএসএলে সব থেকে বড় ব্যবধানে জয়টি পেয়ে গেল লাল হলুদ। এই জয়ের ফলে ৭ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ৮। পয়েন্ট টেবিলের সাত নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। আগামী শনিবার পঞ্জাব এফসির বিরুদ্ধে নামার আগে বড় ব্যবধানে এই জয়, ফুটবলারদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মত ফুটবল মহলের।

About Post Author