স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ ডিসেম্বর: ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) নেতৃত্ব থেকে কি তিনিই সরিয়েছিলেন বিরাট কোহলিকে(Virat Kohli)? বিগত কয়েক বছরে যা নিয়ে চর্চা কম হয়নি ক্রিকেট মহলে। সেই বিতর্ক নিয়ে ফের মুখ খুললেন প্রাক্তন বোর্ড সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। নিজের অবস্থানে অনড় থেকে ফের তিনি জানিয়ে দিলেন, বিরাটকে নেতৃত্ব থেকে সরানোর পিছনে তাঁর কোনও অবদান ছিল না। সম্প্রতি নিজের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বাংলার মহারাজ।

প্রসঙ্গত, দু’বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। অপ্রত্যাশিত এই ব্যর্থতাক পর টি-২০ ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন তৎকালীন ভারত অধিনায়ক কোহলি। একদিনের ও টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দিতে চেয়েছিলেন তিনি। তবে তাঁকে একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় ভারতীয় বোর্ড। যেই বোর্ডের প্রধান ছিলেন সৌরভ। সেখান থেকেই দুই প্রাক্তন ভারত অধিনায়কের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। গত আইপিএল চলাকালীনও তাঁদের সম্পর্কের বৈরিতা প্রকাশ্যে আসে। তবে আরও একবার বিরাটকে নেতৃত্ব থেকে সরানোর দায় অস্বীকার করলেন সৌরভ। তিনি বলেন, “আমি বিরাটকে নেতৃত্ব থেকে সরাইনি। আগেও এই কথা বহু বার বলেছি। বিরাট টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিতে চাইছিলেন না। ওনার সেই সিদ্ধান্তের পর আমি বলেছিলাম টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিতে না চাইলে একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকেও সরতে হবে। সাদা এবং লাল বলের দু’জন আলাদা অধিনায়ক থাকবে।” এই ঘটনা নিয়ে সেই সময় তোলপাড় হয় ভারতীয় ক্রিকেটে। তার রেশ এখনও বেশ টাটকা।

আরও পড়ুন: ISL2023-24: ক্লেইটন ও নন্দের জোড়া গোল, নর্থ ইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল
কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর পিছনে তাঁর অবদান ছিলনা। তবে রোহিত শর্মার হাতে ক্যাপ্টেনের আর্মব্যান্ড দেওয়ার ক্ষেত্রে নিজের অবদান স্বীকার করে নেন সৌরভ। তিনি বলেন, “আমিই রোহিত শর্মাকে অধিনায়ক হওয়ার জন্য জোর করেছিলাম। ভারতকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার জন্য তখন তিনি প্রস্তুত ছিলেন না। সেটার ক্ষেত্রে আমার কিছুটা ভূমিকা থাকতে পারে।” পাশাপাশি তিনি এও বলেন, “প্রশাসন কে চালাচ্ছে সেটা মুখ্য নয়। ক্রিকেটারদের অগ্রাধিকার পাওয়া উচিত মাঠে নেমে ভালো খেলা। ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য বিসিসিআই-এর সভাপতি করা হয়েছিল আমাকে। আমি চেষ্টা করেছি।” সদ্য সমাপ্ত বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ভারত যথেষ্ট ভালো খেলে। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয় ১৪০ কোটি দেশবাসীর।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার