Home » ISL2023-24: অসংখ্য গোলের সহজ সুযোগ নষ্টের খেসারত, যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে আটকে গেল ইস্টবেঙ্গল

ISL2023-24: অসংখ্য গোলের সহজ সুযোগ নষ্টের খেসারত, যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে আটকে গেল ইস্টবেঙ্গল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ ডিসেম্বর: গত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে গুনে গুনে পাঁচ গোল। তার পরের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল পঞ্জাবের বিরুদ্ধে গোলশূন্য ড্র। ইন্ডিয়ান সুপার লিগে ধারাবাহিকতার অভাব আরও একবার প্রকট ইস্টবেঙ্গলে(East Bengal FC) দলে। শনিবার ঘরের মাঠে সমর্থকদের ছন্নছাড়া ফুটবল উপহার দিলেন ক্লেইটন, মহেশরা। একাধিক  ভুল পাস, বলের দখল ও গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হল দলকে।

ইন্ডিয়ান সুপার লিগে কখনও টানা দুটি ম্যাচ জয়ের স্বাদ পায়নি ইস্টবেঙ্গল। নর্থ-ইস্ট ইউনাইটেডকে পাঁচ গোল দেওয়ার পর সমর্থকরা ভেবেছিলেন দ্বিতীয় ম্যাচেও জয় পাবে লাল-হলুদ। প্রতিপক্ষ যখন লিগ তালিকার একাদশ স্থানে থাকা পঞ্জাব এফসি। যাদের ইন্ডিয়ান সুপার লিগের এই সংস্করণে অভিষেক হয়েছে। তবে সমর্থকদের আশা পূরণে ব্যর্থ হলেন ক্লেইটন-মহেশরা।

আরও পড়ুন: VIJAY HAZARE TROPHY: সুদীপ-অনুষ্টুপের জোড়া শতরান, গুজরাটকে হেলায় হারিয়ে কোয়ার্টার ফাইনালে লক্ষীর বাংলা

শনিবার শুরু থেকে খেলার দখল নেয় ইস্টবেঙ্গল। খেলার ৯ মিনিটের মাথায় মহেশ-ক্লেইটন যুগলবন্দীতে গোলের সুযোগ এসেছিল লাল হলুদের কাছে। তবে সেটা ব্যর্থ হয়। দলগত প্রাধান্য রেখেই আক্রমণ করছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। তবে প্রচুর ভুল পাস দেখা গেল দলের খেলায়। অনেকবার বলের দখল হারালেন বিনা চাপে। আবার কখনও গোলের খুব কাছে পৌঁছেও গোলের দেখা পেলেন না। অপরদিকে নবাগত পঞ্জাবও বেশ কয়েকবার আক্রমণ করেছিল লাল হলুদ দুর্গে। সেই আক্রমণগুলির কাণ্ডারি ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন জুয়ান মেরা। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন লুকা মাজসেন। ভাগ্য সহায় না থাকলে ৩৬ মিনিটে পিছিয়ে পড়তে পারত ইস্টবেঙ্গল। জুয়ান মেরার শট ক্রস বার স্পর্শ করে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। খেলায় একাধিকবার ডান প্রান্ত ধরে বাঁ পায়ে বল ধরে আক্রমণে উঠছিলেন জুয়ান। তবে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের দূর্গ ভাঙতে পারেননি তিনি।

দ্বিতীয়ার্ধে খেলায় চাপ বাড়ায় লালহলুদ। ক্লেইটনের হেডার অল্পের জন্য বারের উপর দিয়ে বেরিয়ে যায়। পাল্টা দিচ্ছিল পঞ্জাবও। এই সময়ে বেশ কয়েকটি ভালো বাঁচান ইস্টবেঙ্গল গোলরক্ষক। ৫৯ মিনিটে জুয়ান মেরার পাস থেকে গোল করার মত জায়গায় পৌঁছে যান কৃষ্ণ। তবে তাঁর দুর্বল শট তালুবন্দি করতে অসুবিধে হয়নি প্রভসুখনের। দ্বিতীয়ার্ধের শেষ দিকে অল আউট আক্রমণে যাওয়ার উদ্দ্যেশ্যে কিছু পরিবর্তন করেন কুয়াদ্রাত। সাউল ক্রেসপোকে তুলে জেভিয়ার সিভেরিয়োকে নামান ইস্টবেঙ্গল কোচ। শেষের কয়েক মিনিট বারবার গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন ক্লেইটন। তবে পঞ্জাবের ডিফেন্ডারদের তৎপরতায় গোলমুখ খুলতে পারনি।

পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ অমীমাংসিত শেষ করে ছয়ে উঠে এল ইস্টবেঙ্গল। ৮ ম্যাচে লাল হলুদের সংগ্রহ ৯ পয়েন্ট। নর্থইস্ট এবং চেন্নাইয়িনেরও একই পয়েন্ট। তবে গোলপার্থক্যে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল।

About Post Author