Home » সংসদে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় গ্রেফতার মূলচক্রী ললিত ঝা

সংসদে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় গ্রেফতার মূলচক্রী ললিত ঝা

সময় কলকাতা ডেস্ক, ১৫ ডিসেম্বর: সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতার মূলচক্রী ললিত ঝা! সংসদে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় বুধবার পুলিশ পাঁচজনকে হেফাজতে নিলেও ললিতের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত দেড়দিন পর রাজধানী দিল্লি থেকেই গ্রেফতার করা হয় ললিতকে। দিল্লি পুলিশ সূত্রে খবর, ললিত ঝা নিজেই বৃহস্পতিবার রাতে রাজধানীত কর্তব্যপথ থানায় গিয়ে আত্মসমর্পণ করে। রাতেই দিল্লি পুলিশের তরফে তাকে স্পেশাল সেলের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালেই ললিতের কলকাতা যোগের কথা উঠে এসেছিল। জানা গিয়েছিল, বুধবার যখন তার সহযোগীরা সংসদের ভিতরে বিক্ষোভ দেখাচ্ছিল তখন বাইরে থেকে সেই ঘটনার ভিডিও রেকর্ড করে উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা নীলাক্ষ আইচ নামে একজনকে পাঠিয়েছিলেন ললিত।

আরও পড়ুন      বর্ধমানে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় রেলের বিরুদ্ধে FIR দায়ের মৃতের পরিবারের

যদিও ঘটনার পর বাসে চেপে রাজস্থানে পালিয়ে গিয়েছিল ললিত। সেখানে দুই বন্ধুর সঙ্গে দেখা করে এবং সেখানেই এক হোটেলে থাকে। এরপর পুলিশ তাকে খুঁজছে বুঝতে পেরে আবার বাসে চেপে সে দিল্লিতে ফিরে আসে এবং থানায় আত্মসমর্পণ করে। এরপর বৃহস্পতিবার দুপুরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি দল তাঁর হালিশহরের বাড়িতে পৌঁছে যায়। নীলাক্ষর সঙ্গে ললিতের আলাপের সূত্র কী, সংসদে হামলার ব্যাপারে তিনি কতটা জানতেন, কেনই বা তাঁকে ঘটনার ভিডিও পাঠালেন ললিত, এই সমস্ত কিছুই এখন খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের বসার গ্যালারি থেকে আচমকাই নিচে ঝাঁপ দিয়েছিলেন দুই যুবক-যুবতীl জুতোর ভিতর থেকে স্মোক ক্যানিস্টার বের করে হলুদ ধোঁয়ায় গোটা লোকসভা ভরিয়ে দিয়েছিলেন তারা। মুখে ছিল স্লোগান, “তানাশাহী নেহি চলেগা”। সেই একই সময় অধিবেশন কক্ষের বাইরে থেকেও স্লোগান দিতে দিতে রঙিন গ্যাস স্প্রে করছিলেন আরও কয়েকজন। ললিত ছিলেন এই ঘটনার মাস্টারমাইন্ড। ঘটনায় মোট ৬ জন জড়িত ছিল বলে জানায় পুলিশ। তাদের মধ্যে ৫ জনকে বুধবারই গ্রেফতার করা হয়েছিল।

বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, সংসদে তাণ্ডবের মাস্টারমাইন্ড ললিত দীর্ঘদিন ধরে তৃণমূল বিধায়ক তাপস রায়ের ঘনিষ্ঠ। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে বিধায়কের সঙ্গে ললিতের ছবিও শেয়ার করেছেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারের পাশাপাশি, হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও সাংবাদিক বৈঠকে বসে তাপস রায়ের সঙ্গে এক ফ্রেমে ললিতের ছবি দেখিয়েছেন। অন্যদিকে, এই ঘটনার জেরে লোকসভার ১৪জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তাঁরা হলেন – কংগ্রেসের টিএন প্রতাপন, হিবি ইডেন, এস জোথিমনি, রম্যা হরিদাস, ডিন কুরিয়াকোস, বেনি বেহানান, ভিকে শ্রীকান্দন, মহম্মদ জাভেদ এবং মানিকম ঠাকুর, সিপিআইএম-এর পিআর নটরাজন ও এস ভেঙ্কটেসন, ডিএমকে-র কানিমোঝি করুণানিধি ও এসআর পার্থিবন এবং সিপিআই-এর কে সুব্রহ্মণ্যম। জানা গিয়েছে, আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন চলবে। ততদিন পর্যন্ত এই সাংসদরা সাসপেন্ড থাকবেন।

About Post Author