সময় কলকাতা ডেস্ক, ১৫ ডিসেম্বর: ভয়াবহ বিস্ফোরণ অসমের জোরহাট সেনা ক্যাম্পে। জানা গিয়েছে, জোরহাটের লিচুবাড়ি এলাকায় সেনা শিবিরের মূল প্রবেশ পথের বাইরে বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ আচমকাই জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রেনেড বিস্ফোরণ ঘটেছে বলেই জানা গিয়েছে। খবরটি নিশ্চিত করেছেন গুয়াহাটিতে সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক। ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন জেলা কমিশনার পুলক মহন্ত ও সিনিয়র পুলিশ আধিকারিকরা।
যদিও এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম-ইন্ডিপেন্ডেন্ট (ULFA-I)। অন্যদিকে, এই গ্রেনেড বিস্ফোরণের পরই সেনা ক্যাম্পের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার নিরাপত্তা ব্যাবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে। সেনা শিবিরের ভিতরেও রয়েছে কড়া নজরদারি।
প্রসঙ্গত, এর আগে গত ৯ ডিসেম্বর ও ২২ নভেম্বরও সেনা ক্যাম্পের সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। ৯ ডিসেম্বর শিবসাগর জেলার জয়সাগরে ১৪৯ সিআরপিএফ ক্যাম্পের কাছে বিস্ফোরণ ঘটে এবং ২২ নভেম্বর তিনসুকিয়া জেলার ডিরাকের একটি সেনা ক্যাম্পের গেটের বাইরে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। যদিও এই বিস্ফোরণেও হতাহতের কোনও খবর নেই। সেই ঘটনায় সিআরপিএফ ক্যাম্পের কাছে বিস্ফোরণের দায় স্বীকার করেছে আলফা জঙ্গিগোষ্ঠী।


More Stories
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?
দাতিয়ায় উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি, জয়ী কংগ্রেস
গুজরাটে মাঞ্জালপুরে বিজেপি জয়ী