স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ ডিসেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপুটে জয় ভারতের। রবিবার জোহানেসবার্গে প্রোটিয়াদের ৮ উইকেটে হারালেন লোকেশ রাহুলরা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় ১১৬ রানে। সুবাদে অর্শদীপ সিংয়ের দুরন্ত বোলিং। রান তাড়া করতে নেমে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করলেন ভারতীয় ব্যটারেরা। ২০০ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত। গত পাঁচ বছরে এই প্রথম আফ্রিকার মাটিতে এক দিনের ম্যাচ জিতল ভারত।

বেশি দিন আগের কথা না। ভারতের মাটিতে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইডেনে আয়োজিত সেই ম্যাচে ভারতের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৮৩ রানে শেষ হয়ে গিয়েছিল প্রোটিয়াদের ইনিংস। সহজে হয় তুলে নিয়েছিলেন রোহিতের ভারত। সেই ম্যাচের কিছুটা সেই স্মৃতি ফিরল। ঘরের মাটিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেই সিধান্ত বুমেরাং হয়। অর্শদীপ ও মুকেশ কুমারের বোলিংয়ের সামনে উইকেট হারাতে থাকে সিরিজের আয়োজকরা। প্রথম দুই ওভারে প্যাভিলিয়নে ফেরেন প্রোটিয়া ওপেনার রিজা হেন্ড্রিক্স ও ভ্যান ডার দুঁসে। তৃতীয় উইকেটে বড় রান করার জন্য লড়াই করছিলেন অপর ওপেনার টোনি ডি জর্জি এবং অধিনায়ক আইডেন মার্করাম। তবে ৩৯ রান করতে পারেন তারা। জর্জিকে ফিরিয়ে ফের প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন অর্শদীপ। এরপর তাসের ঘরের মত ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস। আট নম্বরে নেমে অ্যান্ডিল ফেলুকায়ো ৪৯ বলে ৩৩ রান না করলে লজ্জার মুখে পড়তে হত প্রোটিয়াদের। ভারতের হয়ে এদিনের সফলতম বোলার অর্শদীপ। ৩৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন পঞ্জাবের এই জোরে বোলার। এর মধ্যে প্রথম স্পেলে ৭ ওভার বল করে ৪ উইকেট নেন তিনি। পিছিয়ে ছিলেন না আবেশ খান। ২৭ রান খরচ করে নিলেন ৪ উইকেট। ১ টি উইকেট নেন কুলদীপ। পুরো ৩০ ওভারও ব্যাট করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২৭.৩ ওভারে ১১৬ রানে শেষ হয় তাদের ইনিংস।

আরও পড়ুন: AUSvPAK: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে হার পাকিস্তানের
জয়ের জন্য ১১৭ রান দরকার ছিল ভারতের। সেই রান তুলতে বিশেষ বেগ পেতে হয়নি। ওপেনার রুতুরাজ দ্রুত আউট হন। তারপর দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অন্য ওপেনার সাই সুদর্শন ও শ্রেয়স আইয়ার। এই ম্যাচে অভিষেক হয় সাই সুদর্শনের। প্রথম ম্যাচেই নজর কাড়লেন। ৪৩ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করলেন। ৯ চার মেরে সাজালেন নিজের ইনিংস। তাকে সঙ্গ দিলেন শ্রেয়স। ৪৫ বলে ৫২ রান করেন তিনি। নাইট অধিনায়কের ব্যাট থেকে এল ৬ চার ও ১ ছয়। তবে তিনি অপরাজিত ছিলেন না। অকারণ আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন। শেষবেলায় সাইয়ের সঙ্গে দলের জয় নিশ্চিত করেন তিলক বর্মা। ১৬.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ের রান তুলে নেয় ভারত। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মত এদিন ব্যর্থ হলেন বোলাররাও।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়