Home » অঙ্গ প্রতিস্থাপন ও বারাসাত সামাজিক : একটি প্রতিবেদন

অঙ্গ প্রতিস্থাপন ও বারাসাত সামাজিক : একটি প্রতিবেদন

বন্দনা বন্দ্যোপাধ্যায়, (অতিথি লেখক),সময় কলকাতা : এখনও জগতসভায় শ্রেষ্ঠ  আসন না পেলেও অঙ্গ প্রতিস্থাপনে পরিসংখ্যানের হিসেবে ভারত সামনের সারিতে। তবে পরিসংখ্যান সবসময় শেষ কথা বলে না, বাস্তব চিত্রকেও সব সময় ফুটিয়ে তোলে না।।২০২২ সালে অঙ্গ প্রতিস্থাপন বিষয়ক পরিসংখ্যানে বিশ্বে ভারতের স্থান ছিল তৃতীয়। নি:সন্দেহে আশাব্যঞ্জক। কিন্তু বাস্তবতা ঠিক ততটা মধুর নয়। মরণোত্তর অঙ্গদান নি:সন্দেহে বাড়ছে। কিন্তু জীবিতাবস্থায় অঙ্গদানের বৃদ্ধির হার তার থেকেও অনেক বেশি। আজ ভারতে অঙ্গ প্রতিস্থাপনের যে প্রসার, তার সিংহভাগই হল জীবিতাবস্থায় অঙ্গদানের সূত্রে।

জীবিতাবস্থায় অঙ্গদানকে সম্পূর্ণ পরিহার করার উপায় এই মুহূর্তে অন্তত নেই। কিন্তু তার কিছু সমস্যাও আছে। প্রথমত, জীবিতাবস্থায় অঙ্গদানের মাধ্যমে হার্ট বা ফুসফুস পাওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, দাতার শারীরিক সমস্যার সম্ভাবনা থেকেই যায়। সবথেকে বড় কথা,অঙ্গ বাণিজ্যের আশঙ্কাও থাকে। সম্প্রতি বৃটেনের সংবাদপত্রে আন্তর্জাতিক কিডনি চক্রের রিপোর্ট প্রকাশ পেয়েছে। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রিয় সরকার দিল্লীর একটি বিখ্যাত বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশও দিয়েছেন।

একমাত্র কার্যকরী সমাধান হল মরণোত্তর অঙ্গদানের বৃদ্ধি। পরিকাঠামো এবং সচেতনতার সমস্যা অবশ্যই আছে। এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আইনি ব্যবস্থারও উপযুক্ত পরিবর্তন প্রয়োজন। এই কারণে এক বছর আগেই কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রক, নীতি আয়োগ সহ যাবতীয় কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট আইনের কিছু পরিবর্তনের প্রস্তাব রেখেছিল বারাসাত সামাজিক সেবা প্রতিষ্ঠান নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

নভেম্বর মাসে তারা আবার নতুন করে প্রস্তাব পাঠায়। মূল প্রস্তাব হল – ১/ হাসপাতালে ভেন্টিলেটর থাকলেই ব্রেন ডেথ কমিটি গঠন করতে হবে। ২/ এমন প্রতিটি হাসপাতালকেই নিয়মিতভাবে ব্রেন ডেথ সংক্রান্ত রিপোর্ট জমা করতে হবে। ৩/ বিগত তিন বছরের তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট দিতে হবে। ৪/ প্রতিটি মেডিকেল কলেজেই NTORC স্থাপন করতে হবে।

আশার কথা, কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রক ১৫ ডিসেম্বর বারাসাত সামাজিক সেবা প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছেন। আরও জানিয়েছেন, প্রস্তাবগুলি যথাসময়ে আলোচিত হবে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রক ব্রেন ডেথ অডিট এবং প্রতিটি মেডিকেল কলেজে NTORC স্থাপন নিয়ে ভাবনাচিন্তা করছেন। একটিও ব্রেন ডেথ যদি অসণাক্ত না থাকে, তাহলেই পরিস্থিতি আমূল বদলাবে, এমনটাই জানিয়েছে বারাসাত সামাজিক সেবা প্রতিষ্ঠান। সবমিলিয়ে আশার আলো অঙ্গ প্রতিস্থাপন ক্ষেত্রে।।

আরও পড়ুন :কুস্তি ফেডারেশনের মাথায় ব্রিজভূষণ ঘনিষ্ঠ, প্রতিবাদে পদ্মশ্রী ফেরালেন বজরং

About Post Author