Home » সমর্থকদের ক্রিসমাস গিফট, ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ কিনে নিলেন ব্রিটিশ ধনকুবের

সমর্থকদের ক্রিসমাস গিফট, ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ কিনে নিলেন ব্রিটিশ ধনকুবের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ ডিসেম্বর: নতুন বছরের আগে নতুন মালিক পেল ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ কিনে নিলেন ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‍্যাটক্লিফ (Jim Ratcliffe)। অনেক দিন চেষ্টার পর অবশেষে ক্লাবের একটি বড় অংশের মালিক হলেন তিনি। ইতিপূর্বে ক্লাবের মালিকানা কেনার ব্যাপারে উৎসাহ দেখান র‍্যাটক্লিফ। তবে ইউনাইটেডের বর্তমান মালিক গ্লেজার পরিবার ‘অযৌক্তিক দাম’ চেয়ে বসায় কিছুটা পিছিয়ে আসতে হয় তাকে। তবে শেষ পর্যন্ত নিজের প্রিয় ক্লাবের মালিকানা কিনতে সফল হলেন এই ব্রিটিশ ধনকুবের।

ব্রিটিশ ও ইউরোপীয় সংবাদ মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা বদলের ব্যাপারে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। অবশেষে ক্লাবটি রবিবার তাদের ওয়েবসাইটে একটি বিবৃতির মাধ্যমে এই খবরে সিলমোহর দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫% কিনে নিয়েছেন র‍্যাটক্লিফ। জানা গিয়েছে, ইউনাইটেডের মালিকানার ২৫ শতাংশ মালিকানা কিনতে র‍্যাটক্লিফকে খরচ করতে হচ্ছে ১২৫ কোটি পাউন্ড (১৭ হাজার ৩৮৬ কোটি টাকা)। ভবিষ্যতে ক্লাবের পরিকাঠামোর উন্নয়নে আরও ২ কোটি ৩৬ লাখ পাউন্ড=(৩ হাজার ২৮২ কোটি টাকা) বিনিয়োগ করবেন এই ব্রিটিশ ধনকুবের। চুক্তি অনুযায়ী ক্লাব পরিচালনার ক্ষেত্রেও বড় ভূমিকা নেবে ইনিওস গ্রুপ লিমিটেড।

ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান পরিচালক আব্রাম গ্লেজার ও জোয়েল গ্লেজার বলেছেন, “স্যার জিম র‍্যাটক্লিফ ও তাঁর প্রতিষ্ঠান ইনিওসের সঙ্গে চুক্তিতে সম্মত হতে পেরে আমরা খুব আনন্দিত। গত বছরের নভেম্বরে আমরা কৌশলগত পর্যালোচনা করেছিলাম। আমাদের পুরুষ, নারী এবং অ্যাকাডেমি সামগ্রিক সাফল্যের বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। ক্লাবের উন্নতিতে সাহায্য করার জন্য বিকল্প খুঁজেছি। বাণিজ্যিক প্রসারের পাশাপাশি ক্লাবের আর্থিক সমৃদ্ধি আনতে অঙ্গীকারবদ্ধ স্যার জিম এবং ইনেওস গ্রুপ। আমাদের আশা ক্লাবটি প্রতিটি স্তরে উন্নতি করবে। ভবিষ্যতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে সক্ষম হবে।”

আরও পড়ুন: Bengal Premier League: উদ্যোগী স্বয়ং সৌরভ, আইপিএলের ধাঁচে এবার বেঙ্গল প্রিমিয়ার লিগ!

ম্যানচেস্টারেই জন্ম র‍্যাটক্লিফের। তিনি রাসায়নিক কোম্পানি ইনেওসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। যা এই মুহূর্তে বিশ্বের চতুর্থ শীর্ষ রাসায়নিক কোম্পানি। বরাবরই নিজেকে ইউনাইটেডের আজীবন সমর্থক বলে দাবি করে এসেছেন র‍্যাটক্লিফ। এবার নিজের প্রিয় ক্লাবের মালিকানা কিনলেন তিনি। সকলের মিলিত প্রচেষ্টায় আগামী দিনে ঘুরে দাঁড়াবে ইউনাইটেড বলে আশ্বাস দিয়েছেন ক্লাবের নতুন মালিক। ২০১৩ সালের পর প্রিমিয়ার লিগ খেতাব জিততে পারেনি ইউনাইটেড। গত ৬ বছরে ক্লাবে ঢুকেছে মাত্র একটি খেতাব। এ মরসুমেও খুব আশা জাগিয়ে শুরু করেনি। গ্রুপ পর্বের তলানিতে থেকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে। প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় রয়েছে আট নম্বরে। শেষ চার ম্যাচে একটিও গোল পায়নি। মাঠে খারাপ ফলের জন্য সমর্থকদের বড় একটা অংশ প্রায়ই কাঠগড়ায় তোলে গ্ল্যাজার পরিবারকে। শেষ পর্যন্ত ক্লাবটির বড় অংশ বিক্রি করে দিতে বাধ্য হল তারা।

About Post Author