Home » Bengal Premier League: উদ্যোগী স্বয়ং সৌরভ, আইপিএলের ধাঁচে এবার বেঙ্গল প্রিমিয়ার লিগ!

Bengal Premier League: উদ্যোগী স্বয়ং সৌরভ, আইপিএলের ধাঁচে এবার বেঙ্গল প্রিমিয়ার লিগ!

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ ডিসেম্বর: বড়দিনে বঙ্গ ক্রিকেটের জন্য বড় খবর। খুব তাড়াতাড়ি বাংলায় শুরু হতে পারে বেঙ্গল প্রিমিয়ার লিগ (Bengal Premier League)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধাঁচে এধরনের প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি। আর বাংলা ক্রিকেটের এই যুগান্তকারী উদ্যোগের পিছনে রয়েছে স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। যদি এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে রাজ্যের ক্রিকেট মানচিত্রটি যে বদলে যাবে বলাই বাহুল্য।

সিএবি সূত্রে খবর পুরুষদের পাশাপাশি মহিলাদের টি-টোয়েন্টি লিগও চালু করা হবে। রাজ্য লিগ গুলির মধ্যে যা প্রথম। বাকি রাজ্যে পুরুষদের মধ্যেই এই ফ্র্যাঞ্চাইজি লিগ সীমাবদ্ধ রয়েছে। সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী সিধান্ত নিয়েছে সিএবি। উদ্বোধনী বছরে পুরুষদের লিগে থাকবে মোট আটটি ফ্র্যাঞ্চাইজির দল। মহিলাদের লিগে থাকবে মোট ছ’টি দল। ভবিষ্যতে মেয়েদের প্রতিযোগিতায় দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সিএবির। একই দিনে দু’টি করে ম্যাচ আয়োজন করা হতে পারে বলেও জানা গিয়েছে। 

গত বছরই বেঙ্গল প্রিমিয়ার লিগের অনুমোদন পেয়ে গিয়েছিল সিএবি। ভারতীয় বোর্ডের অনুমোদন মিললেও লিগ চালু করা যায়নি। তবে নতুন বছরে বেঙ্গল প্রিমিয়ার লিগ চালু করা যাবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। বেঙ্গল প্রিমিয়ার লিগের আয়োজনের পিছনে রয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি ও সিএবি কর্তা সঞ্জয় দাস মিলে এই প্রতিযোগিতার নকশা সাজাচ্ছেন। তাদের সঙ্গে মূল পরামর্শদাতা হিসেবে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য লিগের ভাবনাটি বাংলার মহারাজের। বোর্ড সভাপতি থাকাকালীন উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু করার পিছনেও ছিল সৌরভের অবদান।  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এই মুহূর্তে পৃথিবীর সব থেকে আলোচিত একটি ক্রিকেট ইভেন্ট। যেখানে একাধারে তৃণমূল স্তর থেকে ক্রিকেটার উঠে আসছে। সেরকম ভারতীয় ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্ট থেকে লক্ষীলাভও করছে। আইপিএলের ধাঁচে ইতিমধ্যে দেশের বড় বড় রাজ্যগুলিতেও শুরু হয়েছে টি-টোয়েন্টি লিগ। উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর মত দুই রাজ্যের ক্রিকেট সংস্থা সফলভাবে এই লিগ পরিচালনা করে চলেছে। এবার বাংলাতেও টি টোয়েন্টি লিগ শুরু করার ভাবনা শুরু করেছে সিএবি।

আরও পড়ুন: Premier Legaue: ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে হেরে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড

একসঙ্গে দুটি লিগ শুরু হলে মাঠ নিয়ে একটি সমস্যা তৈরি হতে পারে। কারণ সিএবির কাছে ইডেন গার্ডেন ছাড়া আর একটিও আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নেই। সেক্ষেত্রেও ভাবনা রয়েছে সিএবির। পুরুষদের লিগ আয়োজন করা হবে ইডেনে। আর মেয়েদের লিগের আয়োজন করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে। যেখানে ভারতীয় দলের পাশপাশি আইপিএলের বিভিন্ন দল অনুশীলন করে থাকে। যদিও মেয়েদের প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ইডেনে। বেঙ্গল প্রিমিয়ার লিগে তিনি হবেন পুরুষদের লিগের প্রধান মুখ।মেয়েদের লিগের মুখ হবেন ঝুলন গোস্বামী।সব কিছু ঠিক থাকলে নতুন বছরের গোড়াতেই বেঙ্গল প্রিমিয়ার লিগে লিগ চালু করার কথা ঘোষণা করবে সিএবি। 

About Post Author