Home » Premier League: বড়দিনের আগে উলভসের বিরুদ্ধে হার তারকাখচিত চেলসির

Premier League: বড়দিনের আগে উলভসের বিরুদ্ধে হার তারকাখচিত চেলসির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ ডিসেম্বর: বড়দিনের আগে ফের ধাক্কা চেলসির। প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে হার ব্লু’জদের। এই ম্যাচে চোট সারিয়ে মাঠে ফেরেন চেলসির ফরওয়ার্ড ক্রিস্টোফার এনকুঙ্কু। একটি গোলও করেন ফরাসি তারকা। তবে দলকে হারের হাত থেকে বাঁচাতে পারেননি। এই হারের ফলে চলতি প্রিমিয়ার লিগে অষ্টম হারের স্বাদ পেল মরিসিও পচেত্তিনোর দল। 

বড়দিনের আগে মলিনু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। খেলার প্রথমার্ধে দাপট দেখালেও গোলের দেখা পায়নি চেলসি। গোলের সুযোগ পেয়েও সেগুলিকে কাজে লাগাতে পারলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারত তারা। এই অর্ধে সব থেকে সহজ সুযোগটি পেয়েছিলেন চেলসির রহিম স্টার্লিং। ৩২ তম মিনিটে বড় ভুল করেন উলভস গোলকিপার হোসে সা। নিজের দলের মিডফিল্ডারের উদ্দ্যেশ্যে বাড়ানো বলের দখল নেন রহিম স্টার্লিং। অরক্ষিত ইংরেজ উইঙ্গার একাই পেয়ে গিয়েছিলেন গোলরক্ষক সা-কে। তার পাশে ছিলেন সতীর্থ নিকোলাস জ্যাকসন। যাকে পাস দিলে ওই জায়গা থেকে গোল না করাই কঠিন হত জ্যাকসনের। কিন্তু স্টার্লিং নিজেই শট নিলেন। দুর্বল সেই শট রুখে দিতে অসুবিধে হয়নি উলভস গোলকিপারের। প্রথমার্ধে দুটি দলই আর গোলের দেখা পায়নি।

আরও পড়ুন: সমর্থকদের ক্রিসমাস গিফট, ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ কিনে নিলেন ব্রিটিশ ধনকুবের

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পেতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। খেলার ৫১ তম মিনিটে প্রথম কাঙ্ক্ষিত গোলের দেখা পায় উলভস। সারাবিয়ার কর্নার কাজে লাগিয়ে বল জালে জড়ান মারিও লেমিনা। ঠিক চার মিনিট পর সেই গোল শোধের সুযোগ পেয়ে যায় চেলসি। উলভস রক্ষণের ভুলে বল পেয়ে গিয়েছিলেন জ্যাকসন। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি। ৫৯ মিনিটে ক্রিস্টোফার এনকুঙ্কুকে মাঠে নামান পচেত্তিনো। চেলসিতে সই করার পর প্রিমিয়ার লিগে অভিষেক হল ফরাসি তারকার। যদিও নীল জার্সিতে তাঁর অভিষেক খুব সুখের হল না। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ফের ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। উলভসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ম্যাট ডোহার্টি। এর ঠিক তিন মিনিট পর একটি গোল শোধ করে চেলসি। গোল করেন ক্রিস্টোফার এনকুঙ্কু। হেড করে খেলার স্কোরবোর্ড ২-১ করেন তিনি। তবে সমতাসূচক গোলের দেখা পায়নি লন্ডনের ক্লাবটি। ফলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

চলতি মরসুমে চেলসির এটি অষ্টম হার। প্রতিপক্ষের মাঠে টানা চতুর্থ ম্যাচে হারতে হল তাদের। ২০০০ সালের পর এই প্রথম লিগে প্রতিপক্ষের মাঠে টানা চার ম্যাচ হারল চেলসি। উলভারহ্যাম্পটনের আগে এভারটন, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসলের মাঠেও হারতে হয়েছিল তাদের। লিগের পয়েন্ট তালিকায় ১৮ ম্যাচ ২২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে চেলসি। সম সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট পেয়ে গোল পার্থক্যে ১১ নম্বরে উলভস।

About Post Author