স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ ডিসেম্বর: পেশাদারী ফুটবল জীবনের সায়াহ্নে রয়েছেন লিওনেল মেসি। তারপর আর্জেন্টিনা দলে ব্যাটন কে নেবেন? লড়াইয়ে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম দাবিদার ক্লদিও এচেভেরি। যাকে বলা হচ্ছে আর্জেন্টিনার ফুটবলের ‘নতুন মেসি’ (New Messi)। আর্জেন্টিনার যুব দলের হয়ে ইতিমধ্যে আলোড়ন ফেলে দিয়েছেন এই প্রতিশ্রুতিমান তরুণ। এবার তাঁকে দলে নেওয়ার জন্য ময়দানে নামল প্রিমিয়ার লিগের দুই হেভিওয়েট দল। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ইউরোপের আরও কয়েকটি প্রথম সারির দল।

আগামী মরশুমে এচেভেরিকে নিয়ে দলবদলের লড়াই জমে উঠবে। সেরকম ইঙ্গিত দিয়েছেন ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। দলবদলের বিশেষজ্ঞ জানিয়েছেন, গতবারের ত্রিমুকুট জয়ী ম্যানচেস্টার সিটি ইতিমধ্যে এই তরুণকে দলে নেওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে গিয়েছে। লড়াইয়ে খুব পিছিয়ে নেই চেলসি। দুটি ক্লাব ইতিমধ্যে ফুটবলারের এজেন্টের সঙ্গে কথাবার্তা বেশ কয়েক কদম এগিয়ে রেখেছে। যদিও মেসির এই উত্তরসূরি চান তাঁর আইকনের প্রাক্তন ক্লাব বার্সেলোনায় খেলতে। অর্থনৈতিক পরিস্থিতির কারণে বার্সেলোনার জার্সিতে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এই তিন ক্লাব ছাড়াও ফুটবলারটিকে পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে রিয়েল মাদ্রিদ, পিএসজি, ইউনাইটেডের মত ক্লাবও।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিন ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ভারতের, বাংলা থেকে সুযোগ পেলেন কতজন?
সম্প্রতি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নজর কেড়েছিলেন এচেভেরি। গোটা টুর্নামেন্ট দাপুটে ফুটবল খেলেন। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে খেলেন এই ১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। খেলার ধরনে লিওনেল মেসির সঙ্গে মিল থাকায় তাঁকে ডাকাও হচ্ছে ‘নতুন মেসি’ বলে।

এই মরসুমে আর্জেন্টাইন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে বছর শেষ করেছে রিভারপ্লেট। ফাইনালে রোজারিও সেন্ট্রালকে ২-০ গোলে হারিয়েছে তারা। যদিও তাদের জয়ের আনন্দ অনেকটা ম্লান করে দিয়েছে ম্যাচ শেষে এচেভেরির মন্তব্য। তিনি জানিয়ে দেন পুরনো চুক্তি শেষে আর তিনি ক্লাবের সঙ্গে চুক্তি নবীকরণ করবেন না। ২০২৪ সালে রিভার প্লেটের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তার। ফলে আগামী মরসুমে যে তাকে দলে নিতে আসরে নামবে ইউরোপীয় সেরারা বলাই বাহুল্য।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?